দেশ

বিহারে SIR-এ করা ভোটার তালিকা বাদ…! কীসের ইঙ্গিত সুপ্রিম কোর্টের?

বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিহারের SIR-নিয়ে বড় মন্তব্য করল শার্ষ আদালত। সোমবার শুনানির সময় আদালতের ইঙ্গিত অনুযায়ী, বিহারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ায় যদি কোন বেআইনি পদ্ধতি ধরা পড়ে, তবে গোটা কার্যক্রম বাতিল হয়ে যেতে পারে।

বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, নির্বাচন কমিশন (ECI) একটি সাংবিধানিক সংস্থা, তাই ধরে নেওয়া হচ্ছে কমিশন আইন ও বাধ্যতামূলক নিয়ম মেনেই SIR কার্যক্রম পরিচালনা করেছে। তবে বেআইনি কিছু ধরা পড়লে রেহাই নেই।

আদালত এদিন স্পষ্ট জানিয়ে দেয়, খণ্ডিত বা আংশিক মতামত দেওয়া হবে না। এই মামলার চূড়ান্ত রায় গোটা দেশের জন্য প্রযোজ্য হবে। আগামী ৭ অক্টোবর বিহারে SIR প্রক্রিয়ার বৈধতা নিয়ে চূড়ান্ত যুক্তিতর্ক শুনবে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বিহারের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে আধারকে ১২তম বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে। অভিযোগ উঠেছিল, আগে নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কর্মকর্তারা আধার গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছিলেন। আদালত এদিন নির্বাচন কমিশনের আপত্তি খারিজ করে জানায়, আধার নাগরিকত্বের প্রমাণ না হলেও পরিচয় ও ঠিকানার বৈধ নথি হিসেবেই তা গণ্য করা হবে।

Related Articles