কলকাতা

Mimi Chakraborty: অনলাইন বেটিং অ্যাপে নাম জড়িয়ে, দিল্লিতে ইডির মুখোমুখি মিমি চক্রবর্তী

সোমবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ দিল্লির ইডি সদর দফতরে উপস্থিত হন তিনি।

Truth of Bengal: অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির হলেন অভিনেত্রী ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ দিল্লির ইডি সদর দফতরে উপস্থিত হন তিনি। সূত্রের খবর, এই মামলাতেই এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে। এবার তালিকায় নাম যুক্ত হল টলিউড তারকা মিমির। একই মামলায় বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলা এবং টলিউডের অঙ্কুশ হাজরাকেও তলব করেছে ইডি (Mimi Chakraborty)।

আরও পড়ুনঃ সাহিত্য-সংস্কৃতি জগতে গৌরবময় প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ  

সম্প্রতি পুজো উপলক্ষে মুক্তি পেতে চলেছে মিমি অভিনীত ছবি ‘রক্তবীজ ২’। ব্যস্ত সময়ের মধ্যেই ছবির প্রচারে তিনি ছিলেন পুরোপুরি নিয়োজিত। এই পরিস্থিতিতে রবিবার জানা যায়, মিমিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, যে বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে অঙ্কুশ হাজরার যোগাযোগ নিয়ে ইডি তদন্ত চালাচ্ছে, সেই একই মামলাতেই মিমিকে তলব করা হয়েছে (Mimi Chakraborty)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ইডি সূত্রে খবর, তদন্তকারীরা জানতে চান— কীভাবে মিমির সঙ্গে ওই বেটিং অ্যাপ কোম্পানির যোগাযোগ তৈরি হয়েছিল? বিজ্ঞাপন প্রচারের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি? সেই অর্থ কোন মাধ্যমে ও কোন অ্যাকাউন্ট থেকে এসেছে? আর কারা মধ্যস্থতা করেছিল এই লেনদেনের ক্ষেত্রে? সোমবার ইডির অফিসে পৌঁছানোর সময় মিমির পরনে ছিল সাদা রঙের ঢিলেঢালা ফতুয়া ও জিন্স, চোখে সানগ্লাস এবং চুল বাঁধা ছিল টাইট পনিটেলে।

প্রসঙ্গত, অনলাইন বেটিং গেম প্রচারসংক্রান্ত এই মামলায় আগেই ইডির মুখোমুখি হয়েছেন দক্ষিণী তারকা রানা দগ্গুবতি, প্রকাশ রাজ ও বিজয় দেবারোকোন্ডা-সহ একাধিক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন মিমিও। তদন্ত এখনও চলমান। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের পর মিমির বয়ান রেকর্ড করা হতে পারে, যেমনটি করা হয়েছিল শিখর ধাওয়ানদের ক্ষেত্রেও — যাঁদের টানা প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি (Mimi Chakraborty)।

Related Articles