Kolkata Metro: সেন্ট্রাল স্টেশনে মেট্রোর সামনে মরণঝাঁপ, বিপর্যস্ত পরিষেবা
Truth of Bengal: শনিবার দুপুরে ফের একবার কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি, যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ব্লু লাইনের পরিষেবা। সকাল থেকেই যাত্রীভোগান্তিতে জেরবার নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটে শনিবার বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ। সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর সামনে হঠাৎ করে এক ব্যক্তি ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই লাইনে। উদ্ধারকাজে নামে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।
আরও পড়ুনঃ Tariff: ভারতের জন্য শুল্কে বড় ছাড়, ২০ শতাংশ শুল্ক হ্রাসের সিদ্ধান্ত আমেরিকার
পরিস্থিতির জেরে আপ এবং ডাউন দুই লাইনের পরিষেবা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। পরে স্টেশনগুলিতে ঘোষণা করে জানানো হয়, আপাতত মেট্রো পরিষেবা ভাঙা পথে চালানো হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে আংশিক মেট্রো চলাচল চালু রয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আহত ব্যক্তিকে উদ্ধারের প্রক্রিয়া এখনও চলছে বলে জানা গিয়েছে (Kolkata Metro)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উল্লেখযোগ্যভাবে, কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা নতুন কিছু নয়। এই লাইনটি দেশের প্রথম এবং সবচেয়ে পুরনো মেট্রো করিডর। এখানে প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে কোনও সুরক্ষা ব্যারিকেড না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটে চলেছে। অন্যদিকে, কলকাতার অন্যান্য মেট্রো লাইনে অত্যাধুনিক প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর থাকায় তেমন বিপদের সম্ভাবনা নেই। এই পুনরাবৃত্ত ঘটনার কারণে বারবার প্রশ্ন উঠছে ব্লু লাইনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আত্মহত্যার প্রবণতা রুখতে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে আরও আধুনিকীকরণের দাবি জানাচ্ছেন শহরবাসী (Kolkata Metro)।






