Belpahari: শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে—বর্ষায় বেড়াতে চলুন বেলপাহাড়ি
বর্ষার রোমান্টিক আবহ, সবুজ অরণ্যের মোহ, পাহাড়ের রহস্যময়তা ও নদীর কলতান—সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা নিতে পর্যটকরা ভিড় করছেন পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার সীমানা ঘেরা ঝাড়গ্রামের বেলপাহাড়িতে
দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: বর্ষা নামতেই পর্যটকদের ঢল বেলপাহাড়িতে। ভরসার জায়গা হয়ে উঠছে ঝাড়গ্রামের অরণ্য-পাহাড়। বর্ষা এলেই সাধারণত পর্যটকদের পায়ে যেন ব্রেক পড়ে। নদী ও সমুদ্র উত্তাল হয়ে ওঠে, পাহাড়ে ধস নামার আশঙ্কা তৈরি হয়। ফলে বহু ভ্রমণপিপাসু মানুষ এই সময়ে ঘরবন্দি থাকাকেই নিরাপদ মনে করেন। তবে চলতি বছরের বর্ষা যেন সেই চেনা ছবিটা অনেকটাই বদলে দিয়েছে। বর্ষার রোমান্টিক আবহ, সবুজ অরণ্যের মোহ, পাহাড়ের রহস্যময়তা ও নদীর কলতান—সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা নিতে পর্যটকরা ভিড় করছেন পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার সীমানা ঘেরা ঝাড়গ্রামের বেলপাহাড়িতে (Belpahari)।
আরও পড়ুনঃ Truck Collision: বেলদায় জাতীয় সড়কে ট্রাক-গাড়ির সংঘর্ষ, মৃত ৪!
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পর্যটকরা ভিড় জমাচ্ছেন বেলপাহাড়ির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। পাহাড়, জঙ্গল ও নদীর অপূর্ব মেলবন্ধন যেভাবে চোখ জুড়িয়ে দেয়, তেমন অভিজ্ঞতা খুব কম জায়গাতেই মেলে। বেলপাহাড়ির গার্ডরা সিনি পাহাড়, কাকড়া ঝোড়, ঘাগরা সিনি, ঝিল্লি, খান্দা রানী ঝিল—এই সমস্ত পর্যটনস্থলগুলিতে এখন কার্যত পর্যটকদের ভিড়ে জমজমাট। একদিকে পাহাড়ি ঝরনার শব্দ, অন্যদিকে ঘন সবুজের নিঃশব্দ ভাষা—সব মিলে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে বেলপাহাড়ি অঞ্চল। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, পর্যটকদের থাকার ও খাওয়ার ব্যবস্থাও এখন অনেক উন্নত হয়েছে। এলাকার স্থানীয় মানুষজন উদ্যোগ নিয়ে তৈরি করেছেন একাধিক হোমস্টে ও রেস্টুরেন্ট (Belpahari)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
সুলভ ও আরামদায়ক পরিষেবা, সঙ্গে গারো ও সাঁওতালি আতিথেয়তা মিলে পর্যটকদের মন জয় করে নিচ্ছে। বহু পর্যটক জানিয়েছেন, ‘এখানে এসে মন শান্ত হয়ে যায়। শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানো যেন নতুন জীবন পাওয়ার মতো।’ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পর্যটন ব্যবস্থাকে মজবুত করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা, রাস্তাঘাট ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয়দের জীবিকার উৎস হিসেবেও পর্যটন এক বড় সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।সব মিলিয়ে, এবারের বর্ষা যেন নতুন দিশা দেখাচ্ছে ঝাড়গ্রামের পর্যটনে। প্রকৃতি ও মানুষের সম্মিলিত আন্তরিকতায় বেলপাহাড়ি আজ পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় বর্ষাকালীন পর্যটন কেন্দ্র হয়ে উঠছে (Belpahari)।






