রাজ্যের খবর

ফের আবহাওয়ার খামখেয়াল! ঝড়-বৃষ্টিতে কাঁপবে উত্তরবঙ্গ, দক্ষিণেও বাড়ছে দুশ্চিন্তা

Truth of Bengal: রাজ্যে আবারও দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবার একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা দিতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে তুলনামূলক শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা। কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

দুর্যোগের প্রভাব এখানেই থেমে থাকছে না। ২৬ ও ২৭ মার্চ উত্তরবঙ্গের জন্য আরও কঠিন হতে চলেছে। এই দুই দিনই হলুদ সতর্কতা জারি থাকবে। ২৬ মার্চ ঝোড়ো হাওয়ার গতি ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা হলেও, ২৭ মার্চ তা বেড়ে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে। একইসঙ্গে ওইদিন বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে, ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, ২৭ মার্চ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

২৮ মার্চও পুরোপুরি স্বস্তি মিলবে না। যদিও ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা কমতে পারে, তবুও দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে।

দক্ষিণবঙ্গেও পরিস্থিতি পুরোপুরি নিশ্চিন্ত নয়। ২৬ মার্চ বড় সতর্কতা না থাকলেও, বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৭ মার্চ আবারও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি হতে পারে। সেদিন বজ্রপাতের পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles