Weather Update: আবহাওয়ার খামখেয়ালিপনায় থমকে হেমন্ত, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ঘিরে নতুন চিন্তা
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ভারতের শুষ্ক হাওয়া এবং পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাসের সংঘাতে রাজ্যের আকাশে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ।
Truth of Bengal: বর্ষা বিদায় নিয়েছে ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু প্রকৃতির খেয়াল যেন তা মানতে নারাজ। পশ্চিমবঙ্গে শীতের আগমনী ধ্বনি যেখানে ধীরে ধীরে প্রবেশ করার কথা ছিল, সেখানে আবারও হানা দিয়েছে আর্দ্রতা আর অস্বস্তি। আবহাওয়ার হঠাৎ এই পরিবর্তনে থমকে গেছে হেমন্তের গন্ধ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ভারতের শুষ্ক হাওয়া এবং পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাসের সংঘাতে রাজ্যের আকাশে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এর ফলে আগামী শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা ১ থেকে দেড় ডিগ্রি এবং রাতের তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস। গত কয়েকদিনে হালকা ঠান্ডা আর শীতল হাওয়ার পরশে যেটুকু স্বস্তির আমেজ তৈরি হয়েছিল, তা এখন কার্যত উধাও। এখন দিনের আকাশ মেঘলা থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে অনেকটা। বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। এই অঞ্চলে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে, যা উপকূলীয় এলাকার মানুষের জন্য সতর্কতা অবলম্বনের ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুনঃ Daily Horoscope: জন্মছকে কি আজ ধনযোগ, প্রেমযোগ না কি রোগভোগ? রাশি অনুযায়ী জেনে নিন
শনিবারের এই বৃষ্টির ধারা রবিবারও বজায় থাকতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীতের আমেজ খুব একটা অনুভূত হবে না। আবহাওয়ার স্থিতিশীলতা ফিরতে পারে আগামী বুধবার থেকে। তখন দক্ষিণবঙ্গে ফের হেমন্তের হালকা ঠান্ডা অনুভব করা যেতে পারে (Weather Update)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এদিকে, বর্ষা বিদায়ের পরই নতুন করে আবহাওয়া দফতরের নজরে এসেছে আর একটি সম্ভাব্য নিম্নচাপ। আগামী শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরের দক্ষিণাঞ্চলে, ইন্দিরা পয়েন্টের কাছাকাছি অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটি পন্ডিচেরি উপকূলের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শনিবারের আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিনই কিছু কিছু এলাকায় আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকতে পারে। দুপুরের পর থেকে গরম ও গুমোট ভাব বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর (Weather Update)।






