রাজ্যের খবর

এসডিও অফিসে ধুন্ধুমার! গেট ভেঙে ভেতরে ঢুকলেন কংগ্রেস কর্মীরা

বিক্ষোভকারীদের একাংশ দপ্তরের মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন।

সনাতন গরাই,পশ্চিম বর্ধমান: এসআইআরে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মহকুমা শাসকের (এসডিও) দফতর চত্বর। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী ও সমর্থকদের বিক্ষোভকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। এদিন সকাল থেকেই কংগ্রেস কর্মী-সমর্থকরা মহকুমা শাসকের দফতরের সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের একাংশ দপ্তরের মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। এরপর শুরু হয় তুমুল স্লোগান, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই আন্দোলনের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগরওয়াল জোর করে বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে ওই বিপুল সংখ্যক ভোটার ভবিষ্যতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ভোটাধিকার মানুষের অন্যতম মৌলিক গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার খর্ব করার কোনও চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। দ্রুত সমস্যার সমাধান করে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে দফতর চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।

Related Articles