পলিথিন হাতে মুড়ি খেয়ে ভাইরাল, চন্দ্রকোনায় মন জিতলেন সূর্যকান্ত
মমতার উন্নয়নের ওপরই ভরসা! চন্দ্রকোনায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন সূর্যকান্ত, নজর কাড়ল ‘মুড়ি-প্রচার’
সুমন মণ্ডল, ঘাটাল: চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে বুধবার থেকে কোমর বেঁধে ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দলুই। তবে প্রচারের ঝাঁজ বাড়াতে নয়, বরং শৈশবের স্মৃতি বিজড়িত কালীমন্দিরে ভক্তিভরে পুজো দিয়েই নিজের নির্বাচনী দৌড় শুরু করলেন তিনি। ধূপ-ধুনোর গন্ধ আর ‘জয় বাংলা’ স্লোগানে এদিন সকাল থেকেই জমজমাট ছিল চন্দ্রকোনা।
মন্দিরে আশীর্বাদ নিয়ে সূর্যকান্তবাবু পৌঁছে যান বড়বালা, কিয়াগেড়িয়া, মদনমোহনপুর এবং দরবস্তি বালার মতো এলাকাগুলোতে। শুধু সভা বা মিছিল নয়, রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে মানুষের দুয়ারে কড়া নাড়েন তিনি। প্রচারের মূল অস্ত্র হিসেবে তুলে ধরেন গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কাজকে। মানুষের সঙ্গে আলাপচারিতার সময় তিনি প্রতিশ্রুতি দেন, জয়ী হলে চন্দ্রকোনার স্বাস্থ্য পরিষেবা হবে আরও আধুনিক ও উন্নত। তাঁর কথায়, “চন্দ্রকোনার মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তবে এদিনের প্রচারের সবথেকে নজরকাড়া দৃশ্য ছিল মধ্যাহ্নভোজের সময়। কোনও এলাহি ব্যবস্থা নয়, বরং দলীয় কর্মীদের সঙ্গে রাস্তার ধারে বসেই প্লাস্টিক থেকে মুড়ি খেতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। সাধারণ মানুষের সঙ্গে এভাবে মিশে গিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তিনি ‘মাটি ও মানুষের’ কাছের লোক। নেতার এই সাধারণ জীবনযাপন দেখে আপ্লুত এলাকার সাধারণ মানুষ ও কর্মীরা।
পুরো প্রচারপর্ব জুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল তুঙ্গে উদ্দীপনা। মুড়ি খাওয়ার সেই ছবি ইতিমধ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজনৈতিক মহলের মতে, প্রচারের প্রথম দিনেই সাধারণ মানুষের ড্রয়িংরুম পর্যন্ত পৌঁছে গিয়ে বিরোধী শিবিরকে কড়া টক্কর দেওয়ার বার্তা দিলেন সূর্যকান্ত দলুই।






