কলকাতারাজ্যের খবর

পড়ুয়াদের জন্য বড় সুখবর! রাজ্যে বাড়ল গরমের ছুটির মেয়াদ

পড়ুয়াদের স্বার্থে তা আরও কয়েক দিন বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

Truth of Bengal: রাজ্যের স্কুলগুলিতে দীর্ঘায়িত হল গরমের ছুটি। আবহাওয়া এবং সামগ্রিক পরিস্থিতি বিচার করে ছুটির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে শিক্ষা সচিবকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে রাজ্যের স্কুলগুলি পুনরায় খুলবে। পূর্ব নির্ধারিত সূচি মেনে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, পড়ুয়াদের স্বার্থে তা আরও কয়েক দিন বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বছর ৯ মে ২০২৬, শনিবার থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল।

মূলত তীব্র দাবদাহ বা প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ১ জুন থেকে পঠনপাঠন শুরু করার লক্ষ্যে শিক্ষা দপ্তর ইতিমধ্য়েই প্রস্তুতি শুরু করেছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা বাড়তি কয়েক দিন বিশ্রাম পাওয়ার সুযোগ পেল। শীঘ্রই এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জেলা শিক্ষা দপ্তরগুলিতে পাঠিয়ে দেওয়া হবে।