বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী নিম্নচাপ! বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে দক্ষিণবঙ্গে?
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে
Truth of Bengal: ফেব্রুয়ারির মাঝামাঝি হতেই ভোলবদল বাংলার প্রকৃতির। শীতের আমেজ বিদায় নিয়ে এবার রাজ্যজুড়ে বাড়ছে রোদের তেজ। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে দানা বাঁধা এক শক্তিশালী নিম্নচাপ ঘনীভূত হলেও বাংলার জন্য রয়েছে স্বস্তির খবর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে আশার কথা হলো, এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। ফলে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ এখন শুধুই ভোরের শিরশিরানিতে সীমাবদ্ধ। আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী শনিবার ও রবিবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমানসহ সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।
দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, শনিবার থেকে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে। ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার সাথে সাথেই পাহাড় থেকে সমতল—সর্বত্রই শীতের আমেজ ফিকে হয়ে আসবে।






