রাজ্যের খবর

বিয়ের আসরে খোদ প্রধানমন্ত্রী! শিলিগুড়ির নবদম্পতিকে আশীর্বাদ করে চমকে দিলেন মোদী

এই মুহূর্তের একটি ভিডিও বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে

Truth Of Bengal: সিলিগুরির এক নবদম্পতির বিয়ের আসরে আচমকা হাজির হয়ে সবাইকে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ সফরের মাঝেই মেফেয়ার টি রিসোর্টে শ্রেয়া এবং অক্ষয় জৈনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের একটি ভিডিও বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি তাঁদের কাছে ক্ষমাও চাইছেন। আসলে ওই একই রিসোর্টে প্রধানমন্ত্রীর থাকার কারণে বিয়ের আমন্ত্রিত অতিথিদের যাতায়াতে যেটুকু অসুবিধা হয়েছে, তার জন্যই তিনি অত্যন্ত সৌজন্যের সাথে দুঃখপ্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (পুর্বতন টুইটার) এই ভিডিওটি শেয়ার হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রধানমন্ত্রীর এই আচরণকে অত্যন্ত মানবিক ও সৌজন্যমূলক বলে প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন যে, দম্পতি অত্যন্ত ভাগ্যবান যে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং এসে তাঁদের আশীর্বাদ করেছেন। তবে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে এই সফরকে ঘিরে রাজনৈতিক কাটাছেঁড়াও শুরু হয়েছে।

নেটিজেনদের একটি অংশ একে নিছকই ‘নির্বাচনী চমক’ বলে অভিহিত করেছেন। সমালোচকদের দাবি, মণিপুর ইস্যু বা বেকারত্বের মতো জ্বলন্ত সমস্যাগুলোতে প্রধানমন্ত্রীর এমন সক্রিয়তা দেখা না গেলেও ভোটের আগে সাধারণ মানুষের মন জিততে তিনি এই ধরণের নাটকীয় পদক্ষেপ নিচ্ছেন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, আর তার ঠিক আগেই মোদীর এই ‘সারপ্রাইজ ভিজিট’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Related Articles