সামশেরগঞ্জে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার, গ্রেফতার ২
তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়।
Truth Of Bengal: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৃথক দুই পুলিশি অভিযানে বিপুল পরিমাণ জালনোট ও চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বুধবার এই দুই অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।বৃহস্পতিবার সকালে জঙ্গীপুর পুলিশ জেলার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সজল কান্তি বিশ্বাস জানান, প্রথম ঘটনায় ধৃতের নাম আনিসুর শেখ (২৬)। তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আনিসুরের কাছ থেকে ১৫০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৭৫ হাজার টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, মালদা থেকে মুর্শিদাবাদে জালনোট পাচারের উদ্দেশ্যেই তিনি এসেছিলেন।অন্যদিকে, একইদিন রাতে সামশেরগঞ্জ থানার হিজলতলা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে।
তাঁর বাড়ি গামভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে ২৪টি আইফোন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাজেয়াপ্ত মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।পুলিশের দাবি, মোবাইলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু হয়েছে। তাঁদের জঙ্গীপুর আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জালনোট চক্র ও চোরাই মোবাইল কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।






