মাঝরাস্তায় খড় বোঝাই ট্রলিতে আগুন, তদন্তে কেতুগ্রাম থানার পুলিশ
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রলিটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Truth Of Bengal: মাঝরাস্তায় দাউ দাউ করে জ্বলল খড় বোঝাই ট্রলি ভ্যান। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরোল সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রলিটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওভারলোড খড় বোঝাই ট্রলিটি বীরভূম থেকে নদীয়ার অভিমুখে যাচ্ছিল। নিরোল এলাকায় পৌঁছালে হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ট্রলিতে থাকা খড়ে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা ওই গাড়িটিকে পাশ কাটিয়েই আতঙ্কিত অবস্থায় অন্যান্য যানবাহন চলাচল করতে থাকে।
ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের জেরে যান চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, ট্রলির ইঞ্জিনের স্ফুলিঙ্গ থেকেই খড়ে আগুন লেগে গিয়েছিল। যেহেতু গাড়িটিতে অতিরিক্ত খড় বোঝাই করা ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে যান্ত্রিক গোলযোগ না কি অন্য কোনো কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কেতুগ্রাম থানার এক পুলিশ আধিকারিক জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে আগুন লাগল এবং ট্রলিটির বৈধ কাগজপত্র ছিল কি না, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।”






