ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে চিন্তিত ঝালদার কৃষকরা
নয়ন কুইরী, পুরুলিয়া: ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে পুরুলিয়া জেলার ঝালদা মহকুমায় দুর্যোগের আশঙ্কা দেখা গিয়েছে। ফলে স্থানীয় কৃষকদের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে। প্রতি বছরের মতো এবারও এই অঞ্চলে প্রধানত আমন ধানের চাষ হয়েছে এবং ফলনও বেশ ভালো হয়েছিল। অনেক কৃষক ইতিমধ্যেই পাকা ধান কাটা শুরু করে দিয়েছিলেন, কিন্তু এই সময়েই ঘূর্ণিঝড়ের দাপটে মাঠের পাকা ফসলে নেমে এসেছে বিপর্যয়ের ছায়া।
নতুনডি গ্রামের কৃষক অমর তন্তুবাই এবং গোলাপ চন্দ্র মাহাতো জানান, “এই মুহূর্তে যদিও বড়সড় ক্ষতি হয়নি, তবুও কিছু ফসল নষ্ট হয়েছে। কিন্তু যদি ঝড়ের প্রভাব আরও বৃদ্ধি পায় এবং টানা বৃষ্টিপাত চলে, তবে মাঠে থাকা বেশিরভাগ ধানই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
কৃষকদের বক্তব্য, একটানা বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কায় তাঁরা এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বহু কষ্টের ফসল ঘরে তোলার ঠিক আগে এই প্রাকৃতিক দুর্যোগের আগমন তাঁদের জীবন-জীবিকার ওপর গুরুতর প্রভাব ফেলবে বলে তাঁরা মনে করছেন। সম্ভাব্য ক্ষতি এড়াতে তারা দ্রুত ধান তোলার আপ্রাণ চেষ্টা করছেন।






