রাজ্যের খবর

পাচারকারীদের ছক ভেঙে দিল বিএসএফ, জীবিত ১১টি ময়ূর উদ্ধার

বিএসএফ সূত্রে খবর, রাতের অন্ধকারে কর্তব্যরত এক জওয়ান দেখতে পান—কিছু ব্যক্তি তিনটি বড় প্যাকেট কাঁটাতারের ওপারে ছুড়ে ফেলছে।

Truth Of Bengal: বাংলাদেশে পাচারের আগেই বড় সাফল্য পেল বিএসএফ। গভীর রাতে অভিযান চালিয়ে ১১টি ময়ূর উদ্ধার করলেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। পাচারকারীরা ময়ূরগুলিকে নদিয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।

বিএসএফ সূত্রে খবর, রাতের অন্ধকারে কর্তব্যরত এক জওয়ান দেখতে পান—কিছু ব্যক্তি তিনটি বড় প্যাকেট কাঁটাতারের ওপারে ছুড়ে ফেলছে। সন্দেহ হওয়ায় তিনি তৎক্ষণাৎ সহকর্মীদের খবর দেন। এদিকে বাংলাদেশের দিক থেকে আরও কয়েকজন পাচারকারী প্যাকেটগুলোর দিকে এগিয়ে আসে। জওয়ানরা পৌঁছতেই পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাড়া করার চেষ্টা করে।

বিএসএফ জানিয়েছে, আত্মরক্ষার জন্য জওয়ানরা পিএজি বন্দুক থেকে দুই রাউন্ড গুলি চালায়। পাল্টা দিক থেকেও পাচারকারীরা একটি রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। অন্ধকারের সুযোগে তারা পরে পালিয়ে যায়।পাচারকারীরা পালিয়ে গেলে বিএসএফ ওই তিনটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে ১১টি জীবিত ময়ূর।উদ্ধার হওয়া ময়ূরগুলিকে ইতিমধ্যেই পুরুলিয়ার জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।বিএসএফের উচ্চপদস্থ কর্তাদের মতে, সীমান্তে সজাগ পহরা ও দ্রুত পদক্ষেপের ফলেই আবারও একটি বড় পাচার চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।

Related Articles