রাজ্যের খবর
সীমান্তে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার, গ্রেফতার এক মহিলা
তল্লাশিকালে বাড়ির শৌচাগারের সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হয় ৩০৬ গ্রাম ব্রাউন সুগার।
Truth Of Bengal: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা থেকে ফের বড় সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে খড়িবাড়ি থানার পুলিশ পানিট্যাংকির গন্ডোগোল এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ির শৌচাগারের সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হয় ৩০৬ গ্রাম ব্রাউন সুগার।
এই ঘটনায় সাদিকা খাতুন নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। খড়িবাড়ি থানা সূত্রে খবর, ধৃত মহিলা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর ওপর বেশ কিছুদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। ব্রাউন সুগারটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহ করা হতো, তা খতিয়ে দেখছে পুলিশ।
পাশাপাশি এই কারবারে আর কেউ জড়িত আছে কিনা তাও যাচাই করা হচ্ছে। মঙ্গলবার ধৃত সাদিকা খাতুনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। দার্জিলিং জেলা পুলিশের এক আধিকারিক জানান, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




