বিধানসভা ভোটের আগে সামশেরগঞ্জে দু’জায়গায় তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
সামশেরগঞ্জ থানার পুলিশ দোগাছি নপাড়া হাসপুর বাগানে তল্লাশি চালায়
কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে দু’টি পৃথক এলাকা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দোগাছি নপাড়া হাসুপুর ও শুক্রবার দুপুর নাগাদ চাচন্ড পঞ্চায়েতের নামো বাসুদেবপুরে বোমা উদ্ধার হয়। ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ দোগাছি নপাড়া হাসপুর বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটি বালতির মধ্যে প্রায় ১৪ থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার দুপুর নাগাদ সামশেরগঞ্জের চাচন্ড পঞ্চায়েতের নামো বাসুদেবপুর এলাকায় একটি আমবাগান থেকে একটি বালতি ও একটি জারের মধ্যে প্রায় ২৪ থেকে ২৫টি তাজা বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সামশেরগঞ্জ থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়ে। বোম স্কোয়াড টিম এসে নিরাপদ স্থানে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা, কোন উদ্দেশ্যে ওই এলাকায় এত বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে, বিধানসভা ভোটের আগে এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চাচন্ড পঞ্চায়েতের নামো বাসুদেবপুরের বাসিন্দাদের দাবি, যারা এলাকায় বোমা মজুত করে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।






