ভাঙড়ে বোমাবাজি, দলীয় কার্যালয়ে ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন
Truth Of Bengal: ফের আইএসএফ গড় ভাঙড় থেকে উঠে এল বোমাবাজির ঘটনা। শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক আইএসএফ নেতার বাড়ি লক্ষ্য করে উঠেছে বোমাবাজির অভিযোগ। যদিও সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফ থেকে। দলের বক্তব্য, ঘটনাটি ঘটেছে আইএসএফের নিজেদের অন্দরে গন্ডগোলের জন্য এবং দোষ চাপানো হচ্ছে তৃণমূলের ওপর। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়।
আরও পড়ুনঃ মেলার খাবারেই বিপত্তি! বিষক্রিয়ায় মৃত্যু দোকানির, অসুস্থ পুলিশকর্মীরা
জানা গিয়েছে, এই বোমাবাজির ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে আইএসএফ বুথ সভাপতি ইছা মোল্লার বাড়িতে। তিনি শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট এলাকার বাসিন্দা। আইএসএফের অভিযোগ, মাছের ভেরি নিলামকে ঘিরে এই ঘটনা। ইছা মোল্লা জানিয়েছেন, নিলামে যোগদান দিয়ে তিনি বেশি দাম হাঁকিয়েছিলেন এবং সেই কারণে ভয় দেখানোর জন্য বোমাবাজি করা হয়েছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদের দলীয় কার্যালয়ে তাণ্ডবের খবর সামনে আসছে। কার্যালয়ের চেয়ার – টেবিল ভাঙচুর করা হয়েছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামী আহসান মোল্লা, বাহারুল ইসলামের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
যদিও যাবতীয় সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল এবং আইএসএফকেই দোষারোপ করেছে এর জন্য। ঘাসফুল শিবিরের এক স্থানীয় নেতা নিজের অবস্থানে জানিয়েছেন, “বোমাবাজির ঘটনা সমর্থন করে না তৃণমূল কংগ্রেস। কোনভাবেই আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত নই। এটা ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফল।” খবর পেতেই উত্তর কাশিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। চন্ডী হাট গ্রামে আইএসএফের সভাপতি ইশা হক মোল্লার বাড়িতে বোমাবাজির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। এমনকি বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।






