রাজ্যের খবর

দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত বিজেপির মণ্ডল সভাপতি

দলীয় সূত্রে জানা গিয়েছে, গৌরাঙ্গ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠছিল।

Truth Of Bengal: নদিয়ার শান্তিপুরে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। দলবিরোধী কাজের অভিযোগে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের গবারচর এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য তথা মণ্ডল সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, গৌরাঙ্গ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠছিল। সেই কারণেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।তবে এই অভিযোগ মানতে নারাজ বহিষ্কৃত মণ্ডল সভাপতি। গৌরাঙ্গ বিশ্বাসের দাবি, প্রায় ছয় মাস আগে তাঁকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি আসন্ন নির্বাচনের জন্য গঠিত নির্বাচনী কমিটিতে প্রকৃত দলীয় কর্মীদের গুরুত্ব দেওয়ার দাবি তুলেছিলেন তিনি। তাঁর দাবি, সেই কারণেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যে সংগঠন শক্তিশালী করতে মরিয়া বিজেপি। সম্প্রতি ১৪ মার্চ ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত সভায় এসে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ভোটের আবহে শান্তিপুরে এই ঘটনায় দলীয় অন্দরের বিভাজন সামনে এল বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন এই বহিষ্কারের ঘটনায় এলাকায় বিজেপির সংগঠন ও আসন্ন ভোটের রাজনীতিতে কতটা প্রভাব পড়ে, সেটাই দেখার।

Related Articles