বাড়ছে নিম্নচাপের প্রভাব, কলকাতাসহ একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
Truth of Bengal: রাজ্যের আকাশে যেন অনিশ্চয়তার ঘনঘটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই অকাল দুর্যোগের আবহ তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বুধবারও এই অস্থির পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার কলকাতাসহ হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শহর কলকাতায় সারাদিন মেঘলা আকাশ, মাঝে মাঝেই বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গও রেহাই পাচ্ছে না এই আবহাওয়ার দাপট থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে -এ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কালিম্পং ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড়ি এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার তাণ্ডবও অব্যাহত থাকতে পারে।
সব মিলিয়ে বজ্রগর্ভ মেঘে ঢেকে রয়েছে রাজ্যের আকাশ, ফলে অস্বস্তিকর আবহ বজায় থাকছে সর্বত্র। তবে এই পরিস্থিতি দীর্ঘদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বৃষ্টি কমে গেলে ধীরে ধীরে বাড়বে রোদের তেজ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে চড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে গরমের সঙ্গে ভ্যাপসা অস্বস্তি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলতে পারে।






