অস্বস্তিকর গরম থেকে কি মিলবে মুক্তি? বঙ্গজুড়ে বৃষ্টির সঙ্কেত দিল আবহাওয়া দফতর
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত মিলছে।
Truth of Bengal: বসন্তের নরম আবহাওয়ার মাঝেই ধীরে ধীরে পাল্টে যাচ্ছে বাংলার আকাশের মেজাজ। ভোরের দিকে হালকা শিরশিরে ঠান্ডা থাকলেও বেলা গড়াতেই বাড়ছে গরমের অস্বস্তি। তবে সেই অস্বস্তি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। কারণ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত মিলছে।
আবহাওয়া দপ্তরের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশেও আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সময়ে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝাও আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সব বায়ুমণ্ডলীয় পরিবর্তনের মিলিত প্রভাবে রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়তে শুরু করবে। তবে বৃষ্টির মূল দাপট দেখা যেতে পারে রবিবার থেকে। ওই দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির এলাকা আরও বিস্তৃত হতে পারে। দুই মেদিনীপুরের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে মাঝেমধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে।
এই পরিবর্তনের প্রভাব পড়বে কলকাতার আবহাওয়াতেও। বর্তমানে শহরে দিনে গরমের অনুভূতি থাকলেও রাতের দিকে কিছুটা স্বস্তি মিলছে। তবে রবিবার থেকে মহানগরেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলে তাপমাত্রায় সামান্য পতনও ঘটতে পারে।






