কলকাতারাজ্যের খবর

মার্চের শুরুতেই কালঘাম ছুটবে দক্ষিণবঙ্গে! কোথাও কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মার্চের শুরুতেই তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে

Truth of Bengal: উত্তরবঙ্গে এখনও হালকা শীতের স্পর্শ টিকে থাকলেও দক্ষিণবঙ্গে গরম ধীরে ধীরে ঊর্ধ্বমূখী হতে শুরু করেছে। ভোরের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও দুপুর গড়াতেই তার আর অস্তিত্ব থাকে না। শহর কলকাতাসহ একাধিক জেলায় এখন থেকেই ফ্যান চালানোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মার্চের শুরুতেই তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্তমানে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকায় রোদের তেজ বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারের পর থেকেই পারদ আরও চড়তে পারে। একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও মার্চের শুরুতে ছবিটা বদলে যেতে পারে। তখন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে পূর্বাভাস। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত একটি নিম্নচাপ বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। সোমবারের মধ্যে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতে। এই দুই আবহাওয়াগত উপাদানের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় আগামী কয়েকদিন ওঠানামা অব্যাহত থাকতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনোই থাকবে। এখনও সেখানে সকালের দিকে কুয়াশার দাপট বজায় রয়েছে এবং আগামী কয়েকদিন তা অব্যাহত থাকার সম্ভাবনা। কুয়াশার কারণে কিছু এলাকায় দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

Related Articles