রাজ্যের খবর

দূষণ রুখতে এআই সিসিটিভি-র, মাধ্যমে নজরদারি বালুরঘাট পুরসভার

দূষণ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভা।

Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: শহরকে দূষণমুক্ত ও আরও নিরাপদ করে তুলতে বড় উদ্যোগ নিল বালুরঘাট পুরসভা। যত্রতত্র আবর্জনা ফেলা রুখতে এবং শহরের নিরাপত্তা জোরদার করতে গোটা পুর এলাকাজুড়ে ৫০০-রও বেশি অত্যাধুনিক এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকাগুলিকে এই নজরদারির আওতায় আনা হবে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শহরের সাধনা মোড় বাজার এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভা।

এই প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম বোর্ড অফ কাউন্সিলরসের বৈঠকেই দুটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল—ক্রাইম কন্ট্রোল এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতেই সিসিটিভির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চেয়ারম্যান বলেন, পুরসভার নির্দেশ অমান্য করে কারা যত্রতত্র আবর্জনা ফেলছে, তা নজরদারির মাধ্যমেই চিহ্নিত করা হবে। সেই কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসানো হচ্ছে।

ইতিমধ্যেই কয়েকটি জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে এবং তার ইতিবাচক ফলও মিলছে।পুরসভার তরফে জানানো হয়েছে, নিয়ম ভেঙে আবর্জনা ফেলতে ধরা পড়লে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ করা হবে। প্রয়োজনে ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। এই বিষয়ে সচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন জায়গায় সতর্কীকরণ বোর্ডও লাগানো হয়েছে। পুরসভার আশা, এই উদ্যোগের ফলে বালুরঘাট শহরকে আরও পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা সম্ভব হবে।

Related Articles