
The Truth of Bengal: কন্যাশ্রীর মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও সারা বছর আবেদন করা যাবে। দুয়ারে সরকার শিবিরের জন্য আর অপেক্ষা করতে হবে না। যোগ্যরা যে কোনও সময় আবেদন করতে পারবেন। প্রশাসনের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন রাজ্যের মহিলারা। ২৫ বছর বয়স হলেই রাজ্যের যে কোনও মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন।২০২১ নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মতো ২০২১ সালের নভেম্বর মাসে গোটা রাজ্যে এই প্রকল্প চালু হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের তফসিলি জাতি-উপজাতির মহিলাদের মাসিক ১০০০ টাকা ও অন্যান্য মহিলাদের জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়।
প্রথমদিকে এই প্রকল্পের সুবিধা পেতেন ২৫-৬০ বছর বয়সী মহিলারা। ৬০ বছর পার হলে মিলত বার্ধক্য ভাতা। কিন্তু, গত রাজ্য বাজেটে প্রশাসন জানায়, এবার ষাটোর্ধ্ব মহিলারা বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা করে পাবেন।এতদিন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সুযোগ মিলত ‘দুয়ারে সরকার’ শিবিরে। ২৫ বছর পূর্ণ হলে মহিলারা আবেদন করতে পারতেন। দুয়ারে সরকার শিবিরে কোনওভাবে আবেদন করতে না পারলে অপেক্ষা করতে হতো পরের শিবিরের জন্য। ফলে অনেকে এই সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। তবে এখন থেকে আর অপেক্ষা করতে হবে না।
এবার থেকে গ্রামাঞ্চলের মহিলারা বিডিও অফিসে, শহরাঞ্চলের মহিলারা পুরসভায় আবেদন করতে পারবেন। যথাযথ কাগজপত্র দিয়ে আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে যাবে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লাখের বেশি মহিলা উপভোক্তা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে থাকেন। গত দুয়ারে সরকার শিবিরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন রাজ্যের বিপুল সংখ্যক মহিলা। এবার যে কোনও সময় আবেদনের সুযোগ মেলায় এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে প্রশাসন।
Free Access






