রাজ্যের খবর

এসএসসি  গ্রুপ বি  পরীক্ষায়  মোবাইল-সহ ধৃত ৬  পরীক্ষার্থী

নিয়ম অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: এসএসসি-র গ্রুপ বি নিয়োগ পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও টুকলি করার অভিযোগে নদিয়ার শান্তিপুরে ৬ পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয় এসএসসি-র গ্রুপ বি পদে নিয়োগ পরীক্ষা।

নিয়ম অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে শান্তিপুর থানা এলাকার একাধিক পরীক্ষাকেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী গোপনে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন এবং টুকলি করার চেষ্টা করেন।

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পরীক্ষকদের নজরে বিষয়টি আসতেই তারা সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে তল্লাশি চালিয়ে মোট ৬ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করে।সোমবার ধৃতদের নদিয়ার রানাঘাট আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পর পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে।উল্লেখ্য, এর আগেও একই ধরনের অভিযোগে চার পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পরীক্ষার নিরাপত্তা ও নিয়ম মানা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Related Articles