Truth Of Bengal: ওড়িশার কোরাপুট জেলায় দিনদুপুরে মাঝ রাস্তায় ব্যবসায়ীর গাড়ি থামিয়ে লক্ষাধিক টাকা লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক ১০টা নাগাদ কোটপাড়-কুন্দুরার রাস্তায়।
আরও পড়ুনঃ স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ ছিনতাই! গুরুতর আহত ব্যবসায়ী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়িক কাজ সেরে ওই ব্যক্তি নিজের গাড়িতে করে কোটপাড়-কুন্দুরার রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় গাড়ির মধ্যে একটি ব্যাগে ব্যবসার প্রায় ১০ লক্ষ টাকা ছিল। গাড়িতে ওই ব্যবসায়ী এবং তাঁর চালক ছাড়া অন্য কেউ ছিল না।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ব্যবসায়ী পুলিশকে জানান, রাস্তার একটি ব্রিজের কাছে গাড়ির গতিবেগ সামান্য কমতেই দুষ্কৃতীরা তাদের পথ আটকায়। দুটি বাইক এবং একটি চারচাকা গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল। প্রত্যেকের মুখেই মাস্ক পরা ছিল। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং গাড়ি থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ব্যবসায়ীর অনুমান, দুষ্কৃতীরা কোটপাড় এবং কুন্দুরার মাঝের জঙ্গলের দিকে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে সঙ্গেই ওই ব্যবসায়ী কোটপাড় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীদের কাছে আগে থেকেই ব্যবসায়ীর গাড়িতে মোটা টাকা থাকার খবর ছিল। তাই কাজ সেরে বেরোতেই তারা ওই ব্যবসায়ীর গাড়ির পিছু নিয়েছিল। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।






