Truth of Bengal: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টা নাগাদ মধ্যপ্রদেশের রতলম জেলার ভেটিয়া-ভীমপুরা গ্রামের কাছে এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি মাহিন্দ্রা গাড়িতে পাঁচজন যাত্রী গুজরাটের দিকে যাচ্ছিলেন। মুম্বই-দিল্লি এক্সপ্রেসওয়ের ওপর মাহি নদীর ব্রিজের কাছে পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে এবং সেটি সোজা নদীখাতে পড়ে যায়। মৃতদের মধ্যে বছর পনেরোর এক কিশোর এবং এক বৃদ্ধও রয়েছেন। জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই মুম্বই এবং আমেদাবাদের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। স্থানীয়দের সহযোগিতায় নিহতদের দেহ উদ্ধার করে রতলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
রাওতি থানার আধিকারিক সুরেন্দ্র সিং গাদারিয়া জানান, স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে দেখেন যে গাড়িটি নদীখাতে পড়ে আছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতিবেগের কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তবে গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা এই গুরুত্বপূর্ণ রাস্তার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।






