ভ্রমণ

Duka Valley Kalimpong: কালিম্পংয়ের কোলে খুঁজে নিন কোলাহলমুক্ত ছোট্ট পাহাড়ি গ্রাম ‘ডুকা ভ্যালি’

ইদানিং বেড়ানোর ক্ষেত্রে একটু অফবিট পর্যটন কেন্দ্রর দিকে ঝোঁক বাড়ছে।

Truth of Bengal: কর্মব্যস্ত জীবনে একটু সুযোগ পেলে বেড়াতে যেতে মন চায় না এমন বাঙালির খোঁজ পাওয়া দুষ্কর। কাজের ব্যস্ততার মধ্যে সুযোগ পেলেই অনেকেই কয়েক দিনের ছুটিতে বেড়িয়ে আসেন পছন্দের নানা জায়গা থেকে। তবে অধিকাংশরই ভিড় ভাট্টার জায়গা না পসন্দ। ইদানিং বেড়ানোর ক্ষেত্রে একটু অফবিট পর্যটন কেন্দ্রর দিকে ঝোঁক বাড়ছে। ক’দিনের ছুটিতে কোলাহলবিহীন নিরিবিলি পরিবেশে আরাম পেতে আপনার গন্তব্য হতেই পারে কালিম্পংয়ের কোলে ছোট্ট পাহাড়ি উপত্যকা ডুকা ভ্যালি।

পাহাড়ের কোল ঘেঁষে নেমে গেছে ঢালু সবুজ জমি। তাকে ঘিরে আছে ঘন সবুজ জঙ্গল। দেখলে মনে হবে কোনো পাহাড়ি উপত্যকার মাঝে ছোট্ট পাহাড়ি গ্রাম। কালিম্পংয়ের কোলে অবস্থিত এই গ্রাম ডুকা উপত্যকা নামে জনপ্রিয় পর্যটকদের কাছে। মাইরুং গাঁওয়ের কাছে লাভা ও পেডংয়ের মাঝে অবস্থিত এই অফবিট পর্যটন কেন্দ্র ডুকা ভ্যালি। পাহাড়ি আঁকাবাঁকা পাকদণ্ডী রাস্তা বেয়ে ধীরে ধীরে পৌঁছে যাওয়া যায় নিরিবিলি পাহাড়ি গ্রাম ডুকা ভ্যালি। নামডাক বেড়েছে ডুকা জলপ্রপাতের জন্য। ডুকা ভ্যালির অন্যতম প্রধান আকর্ষণ হল এই জলপ্রপাত। প্রায় ৪০০ ফুট উঁচু থেকে ধাপে ধাপে নেমে আসে অফুরন্ত জলরাশি। চারপাশে সবুজে ছাওয়া। এক অদ্ভুত নির্জন পরিবেশ।

পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে জলপ্রপাতের কাছে পৌঁছে যাওয়া যায়। ঘুরে দেখা যায় গোটা উপত্যকা। লেপচা সম্প্রদায়ের মানুষজন থাকে এই গ্রামে। গ্রামের মধ্যে রয়েছে ছোট্ট গির্জা। ডুকা ভ্যালি থেকে ঘুরে আসা যায় তন্দ্রাবং, মাইরুং গাঁও, রিকিসাম, ফতেমা গাঁওয়ের মতো অফবিট পর্যটন কেন্দ্রর পাশাপাশি লাভা, রিশপ, লোলেগাঁও থেকেও।

কখন যাবেন? কীভাবে যাবেন, কোথায় থাকবেন

ডুকা ভ্যালি বেড়াতে যাওয়ার আদর্শ সময় শীতকাল। আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা লাগে। লাভা থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত ডুকা উপত্যকায় থাকার জন্য হোম স্টে রয়েছে।

Related Articles