খেলা

৬২ লক্ষ টাকার চুক্তিতে সঞ্জীব গোয়েঙ্কার দলে রিচা ঘোষ

রিচার সঙ্গে একই দলে থাকবেন ভারতের অধিনায়ক স্মৃতি মন্ধানা, যাঁর সঙ্গে তিনি মহিলা আইপিএল বা ডব্লিউপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন।

Truth Of Bengal: বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটারদের প্রভাব ক্রমেই বাড়ছে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ভারতের পুরুষ ক্রিকেটারদের অনুমতি না থাকলেও মহিলা ক্রিকেটাররা সেই সুযোগ পাচ্ছেন এবং দারুণভাবে নিজেদের প্রমাণ করছেন। ইংল্যান্ডের জনপ্রিয় প্রতিযোগিতা ‘দ্য হানড্রেড’-এ এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলেছেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। প্রায় ৫০ হাজার পাউন্ড, অর্থাৎ প্রায় ৬২ লক্ষ টাকার চুক্তিতে তাঁকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার অংশীদারিত্ব থাকা এই ফ্র্যাঞ্চাইজি।

রিচার সঙ্গে একই দলে থাকবেন ভারতের অধিনায়ক স্মৃতি মন্ধানা, যাঁর সঙ্গে তিনি মহিলা আইপিএল বা ডব্লিউপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। সম্প্রতি আরসিবির ডব্লিউপিএল জয়ে রিচা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই পারফরম্যান্সই তাঁর প্রতি বিদেশি লিগের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাঞ্চেস্টারের দলে তাঁদের সঙ্গে থাকবেন মেগ ল্যানিং ও সোফি একলেস্টোনের মতো আন্তর্জাতিক তারকারাও।

অন্যদিকে অলরাউন্ডার দীপ্তি শর্মাকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। প্রায় ৩৪ লক্ষ টাকায় নতুন দলে যোগ দিয়ে তিনি আবারও ‘দ্য হানড্রেড’-এ নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন। জেমাইমা রদ্রিগেজ খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে।

তবে এবারও কোনও পাকিস্তানি মহিলা ক্রিকেটারকে দলে নেয়নি প্রতিযোগিতার কোনও ফ্র্যাঞ্চাইজি। কেন তাঁদের উপেক্ষা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

Related Articles