T20: “পিচ চ্যালেঞ্জিং ছিল”, আইয়ুবের ব্যাটে ভর করে জয় পাকিস্তানের
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইম আইয়ুব নিজের খেলা ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। পাশাপাশি, দলের কি পরিকল্পনা ছিল সেটিও জানান।
Truth Of Bengal: টানটান উত্তেজনায় শুরু হল পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজ। রুদ্ধশ্বাস প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ১৪ রানে নিজেদের নামে করল পাকিস্তান। সৌজন্যে ব্যাট হাতে সাইম আইয়ুবের বিধ্বংসী ৫৭ রানের ইনিংস। এছাড়া বল হাতে তাক লাগিয়ে দিয়েছেন মহাম্মদ নওয়াজ। নিজের চার ওভারে তিনি অল্প রান দিয়ে তুলেছেন তিনটি উইকেট। কোমর ভেঙে দিয়েছেন উইন্ডিজদের ব্যাটিং অর্ডারের। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইয়ুবের ব্যাটিং এবং তিনিই হন ম্যাচের সেরা।
[আরও পড়ুন: Manikrao Kokate: কৃষকদের নিয়ে বিতর্কের পর এবার বিধানসভায় তাস, কৃষিমন্ত্রকের পদ খোয়ালেন মানিকরাও]
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইম আইয়ুব নিজের খেলা ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। পাশাপাশি, দলের কি পরিকল্পনা ছিল সেটিও জানান। আইয়ুবের বক্তব্য, “প্রথমত পিচটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ঘাবড়ে না গিয়ে পার্টনারশিপ গড়া। আমাদের পরিকল্পনা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে স্ট্র্যাটেজি করে খেলা। আসল ব্যাপারটা হচ্ছে মুহূর্তের মধ্যে থাকা এবং কি করতে হবে সেটা জানা।”
এরপরই পিচ ও ইনিংস নিয়ে প্রশ্ন করা হয় তরুণ পাক তারকাকে। সেই প্রশ্নের উত্তরে আইয়ুব বলেন, “দেখুন পিচটাকে কঠিন বলতে পারব না। তবে চ্যালেঞ্জিং। এমন একটি পিচে আপনার শট সিলেকশন সীমিত। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেন কেউ ঘাবড়ে না যায়। আমাকে যেই ভূমিকা দেওয়া হবে, তা আমি পালন করব। দল যা চাইবে আমার থেকে, আমি তার জন্য প্রস্তুত।”
[আরও পড়ুন: Mohun Bagan: শহরে চলে এলেন বাগান কোচ মোলিনা ও ডিফেন্ডার টিম]
প্রসঙ্গত, এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ (T20)। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান শেষ করে ৬ উইকেটে ১৭৮ রানে। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস আসে দলের তরুণ ওপেনার সাইম আইয়ুবের ব্যাট থেকে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শামার জোসেফ। জবাবে রান তাড়া করতে নেমে বেশ স্লো স্টার্ট হয় উইন্ডিজদের। পাশাপাশি, মাঝে দেখা যায় ব্যাটিং বিপর্যয়ও। এরপর জেসন হোল্ডার ও শামার জোসেফ আপ্রাণ চেষ্টা করলেও ফিনিশ লাইন পার করাতে পারেননি। ২০ ওভার শেষে তাদের স্কোর দাড়ায় ৭ উইকেটে ১৬৪। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সাইম আইয়ুবকে।






