অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারতের, ১৯১ রানের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন পাকিস্তান
ভারতীয় বোলারদের কার্যত ছেলেখেলা করেন তিনি। মাত্র ৭১ বলে শতরান পূর্ণ করেন সমীর।
Truth Of Bengal: চাপের মুখে পুরোপুরি ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানের বিশাল ব্যবধানে হার মানল আয়ুষ মাত্রের ভারত। সমীর মিনহাসের বিধ্বংসী ১৭২ রানের ইনিংসের সামনে দাঁড়াতেই পারল না বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুণ্ডুদের দল।রবিবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমির মাঠে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সিদ্ধান্তই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে, তা পরে স্পষ্ট হয়ে যায়। পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন মুলতানের ১৯ বছরের ব্যাটার সমীর মিনহাস। ভারতীয় বোলারদের কার্যত ছেলেখেলা করেন তিনি। মাত্র ৭১ বলে শতরান পূর্ণ করেন সমীর।
শেষ পর্যন্ত ১১৩ বলে ১৭২ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা।সমীরের এই ইনিংসে গড়ে ওঠে একাধিক রেকর্ড। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বাধিক রানের নতুন নজির গড়েন তিনি, ভেঙে দেন ২০১২ সালে সামি আসলমের ১৩৪ রানের রেকর্ড। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ৪৭১ রান করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রানের মালিকও হন সমীর। আগের রেকর্ডটিও ছিল সামি আসলমের দখলে (৪৬১ রান)।
সমীর আউট হওয়ার সময় পাকিস্তানের রান ছিল ৩০২। শেষ দিকে ভারতের বোলারদের কিছুটা প্রত্যাবর্তনে পাকিস্তান থামে ৮ উইকেটে ৩৪৭ রানে। সমীর ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আহমেদ হুসেন (৫৬)। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন ৩ উইকেট নিলেও খরচ করেন ৮৩ রান।৩৪৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ঝড় তোলেন ১৪ বছরের তারকা বৈভব সূর্যবংশী।
প্রথম চার বলেই ওঠে ১৯ রান। কিন্তু সেই ঝলক দীর্ঘস্থায়ী হল না। একবার জীবন পেলেও ১০ বলে ২৬ রান করে আউট হন বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্রে মাত্র ২ রানে ফিরলে চাপ আরও বাড়ে। এরপর একে একে ব্যর্থ হন অ্যারন জর্জ (১৬), বিহান মালহোত্রা (৭), বেদান্ত ত্রিবেদী (৯) ও অভিজ্ঞান কুণ্ডু (১৩)। এই প্রতিযোগিতায় ২০২ রানের ইনিংস খেলা বাংলার অভিজ্ঞানও ফাইনালে দলকে টানতে পারলেন না। শেষ দিকে দীপেশ দেবেন্দ্রনের ১৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে কোনওক্রমে দেড়শো পেরোয় ভারত।
মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। পাকিস্তানের হয়ে আলি রাজা ৪ উইকেট নেন। মহম্মদ সায়াম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান নেন ২টি করে উইকেট।এই জয়ের সঙ্গে ইতিহাসও গড়ল পাকিস্তান। এই প্রথম বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে একক চ্যাম্পিয়ন হল তারা। এর আগে ২০১৩ সালে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১২ বছর পর ফের শিরোপা উঠল তাদের হাতে।ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ লড়াইয়ে সাম্প্রতিক পরিসংখ্যানও ভারতের জন্য উদ্বেগজনক। শেষ পাঁচ সাক্ষাতে চার বারই পাকিস্তানের কাছে হারল ভারত।






