প্রশাসনিক জটে বিদ্ধ কোহলিদের হোম গ্রাউন্ড, উদ্বোধনী ভেন্যু নিয়ে বিসিসিআই-এর চরম আল্টিমেটাম
এই পরিস্থিতির জেরেই এখনও পর্যন্ত আইপিএল গভর্নিং কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
Truth Of Bengal: আইপিএলের আসন্ন মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর নেপথ্যে রয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামকে ঘিরে চলা আইনগত ও প্রশাসনিক বিতর্ক। এই পরিস্থিতির জেরেই এখনও পর্যন্ত আইপিএল গভর্নিং কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মরশুমের প্রথম ও শেষ ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ঘরের মাঠেই আয়োজন করা হয়। সাধারণত সেখানেই হয় উদ্বোধনী অনুষ্ঠানও। গত মরশুমে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই এবারের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু সেখানেই তৈরি হয়েছে সমস্যা।গত বছর আইপিএল জয়ের পর আরসিবির সেলিব্রেশনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। ঘটনার দায় নিয়ে কর্নাটক সরকার ও কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে শুরু হয় চাপানউতোর। এর ফলেই চলতি মরশুমে চিন্নাস্বামীতে আদৌ আইপিএল ম্যাচ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়।
যদিও সম্প্রতি কর্নাটক সরকার চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে, তবে একাধিক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের শর্ত অনুযায়ী, শুধু স্টেডিয়ামের ভিতরের নিরাপত্তাই নয়, আশপাশের রাস্তার ট্রাফিক ব্যবস্থাপনাও ফ্র্যাঞ্চাইজিকেই সামলাতে হবে। এই শর্তেই আপত্তি রয়েছে আরসিবির। তাদের মতে, সরকারের দায়িত্বও ফ্র্যাঞ্চাইজির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা।এই অনিশ্চয়তার কারণেই আইপিএল গভর্নিং কাউন্সিল ‘প্ল্যান বি’ তৈরি রাখছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিন্নাস্বামীতে ম্যাচ না হলে দু’টি বিকল্প নিয়ে আলোচনা চলছে। প্রথমত, আরসিবি যদি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে তাদের উদ্বোধনী ম্যাচ খেলে, তবে সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, গত মরশুমের রানার্স-আপ পাঞ্জাব কিংসের ঘরের মাঠ মুল্লানপুরেও উদ্বোধনী অনুষ্ঠান করা যেতে পারে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে ২১ জানুয়ারি আরসিবি ও কর্নাটক সরকারের মধ্যে একটি বৈঠক হয়েছে বলে জানা গেলেও, সেই বৈঠকের ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি। বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে, আগামী ২৭ জানুয়ারির মধ্যে আরসিবিকে সরকারিভাবে জানাতে হবে তারা কোন স্টেডিয়ামে খেলতে চায়।সব মিলিয়ে, চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজন হবে কি না, তার উপরই নির্ভর করছে আইপিএল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে। এখন নজর ২৭ জানুয়ারির দিকে—সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে আইপিএলের উদ্বোধনী মঞ্চ।






