‘৯০-৯৫ শতাংশ অর্থ আইসিসি থেকে আসে’, বিসিবি ফের ভাবার পরামর্শ তামিমের
সূত্রের খবর, নতুন চিঠিতে নিরাপত্তা ইস্যুকে সামনে আনা হয়েছে।
Truth Of Bengal: ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এই কঠোর অবস্থান ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তাঁর সাফ বক্তব্য, আবেগ নয়—বাস্তবতা ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত।বৃহস্পতিবার দ্বিতীয়বার আইসিসিকে চিঠি দিয়ে ভারতে খেলতে না চাওয়ার কথা জানায় বিসিবি। সূত্রের খবর, নতুন চিঠিতে নিরাপত্তা ইস্যুকে সামনে আনা হয়েছে।
বিসিবির দাবি, আইসিসি ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব নিলেও সমর্থক, সাংবাদিক ও সাধারণ ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বোর্ডের একাংশের বক্তব্য, ভারত বাংলাদেশিদের জন্য নিরাপদ নয়—এই কথাই চিঠিতে কার্যত তুলে ধরা হয়েছে। বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস মিললেও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল।
এই অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। তিনি মনে করছেন, এমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। তামিম বলেন,বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং সামগ্রিক পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার থেকে ভালো কিছু হয় না।বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে অহেতুক ‘বিদ্রোহী’ মনোভাব নেওয়ার পরিণাম ভালো হবে না বলেই মনে করছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর কথায়,বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া দরকার। সমর্থকরা অনেক কথা বলতেই পারেন, কিন্তু জনসাধারণের আবেগ দিয়ে বড় সংস্থা চালানো যায় না।
তামিম বিশেষ করে আর্থিক দিকটির কথাও তুলে ধরেছেন। তাঁর মতে, বিসিবির আয়ের বড় অংশই আইসিসি নির্ভর।তাঁর স্পষ্ট মন্তব্য, আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আইসিসি থেকে আসে। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে ভাবা উচিত। আসলে ভারতে খেলতে না যাওয়ার প্রশ্নে বিসিবির অন্দরেই মতভেদ রয়েছে বলে খবর। বোর্ডের একাংশের আপত্তি না থাকলেও শোনা যাচ্ছে, বর্তমান ইউনুস প্রশাসনের ভারত-বিরোধী মনোভাবের কারণেই বিসিবিকে কঠোর অবস্থান নিতে বলা হয়েছে। তবে এ প্রসঙ্গে তামিমের বক্তব্য,সরকারের সঙ্গে আলোচনা অবশ্যই জরুরি। কিন্তু বিসিবি একটি স্বাধীন সংস্থা। তাদের নিজস্ব মতামত থাকতেই পারে।সব মিলিয়ে, ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যে শুধু রাজনৈতিক বা আবেগের বিষয় নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত—সেই বার্তাই দিতে চাইছেন তামিম ইকবাল।






