Sachin Tendulkar: “অসাধারণ প্রত্যাবর্তন” টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচীন
শুধু তাই নয়, প্রশংসা করেছেন অধিনায়ক শুভমান গিল ও তারকা ব্যাটার কেএল রাহুলেরও।
Truth of Bengal: যেভাবে ম্যানচেস্টার টেস্ট শেষ হয়েছে, তারপর তা আলোচনার বিষয় হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশেষ করে অন্তিম দিনে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার ক্রিজে পড়ে থেকে লড়াই করা মন জিতেছে সকল ক্রিকেটপ্রেমীর। শুধু ক্রিকেটপ্রেমী নয়, বহু প্রাক্তন তারকাও কুর্নিশ জানিয়েছেন দুজনকে। এক কথায় বলতে গেলে, সকলের এটাই বক্তব্য যে এই ইনিংসের কোন জবাব হবে না।(Sachin Tendulkar)
সেই প্রশংসা করার তালিকায় রয়েছেন ক্রিকেটের ঈশ্বর, তথা মাস্টার ব্লাস্টার, শচীন তেন্ডুলকারও (Sachin Tendulkar)। এক সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে তিনি জাদেজা ও সুন্দরের প্রশংসা করেন। শুধু তাই নয়, প্রশংসা করেছেন অধিনায়ক শুভমান গিল ও তারকা ব্যাটার কেএল রাহুলেরও। এছাড়া, অন্তিম টেস্টের জন্য শুভকামনাও জানিয়েছেন ‘মেন ইন ব্লু’কে। এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এরপরই কমেন্ট করা শুরু করেন তাঁর ভক্ত থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীরাও।
[আরও পড়ুনঃ Weather Alert: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা]
নিজের এক্স হ্যান্ডেলে শচীন লেখেন, “যখন প্রসঙ্গ ওঠে ভারত বনাম ইংল্যান্ডের, তখন ওল্ড ট্র্যাফর্ড পরিচিত সিরিজ বাঁচিয়ে রাখার জন্য। এই অসাধারণ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানাতে চাই টিম ইন্ডিয়াকে। দারুন চরিত্র ও মনোভাব দেখিয়েছেন কেএল রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। শুভকামনা শেষ টেস্টের জন্য। এগিয়ে যাও।” এরপরই কমেন্ট সেকশনে শুরু হয় কমেন্টের বন্যা। সকলেই নিজেদের মতামত জানান। কেউ দাবি করেন যে ভারত ম্যাচটি জিতে সিরিজ ড্র করবে। আবার অনেকের মতে বাজিমাত করবে ইংল্যান্ড। তবে দিনের শেষে অন্তিম টেস্টে যে কেউ কাউকে ছাড়বে না, তা বেশ স্পষ্ট এবং না বললেও চলে।(Sachin Tendulkar)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
প্রসঙ্গত, চতুর্থ টেস্টে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের শেষ হয় ইন্ডিয়ার ইনিংস। জবাবে লিড নিতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়ে এবং তারা অলআউট হয় ৬৬৯ রানে। ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। বলা বাহুল্য, তারা ম্যাচ বাঁচানোর লক্ষ্যে নামে এবং পঞ্চম দিন শেষে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪২৫। অর্থাৎ তারা ১১৪ রানের লিড নেয়। ৩ জন ক্রিকেটারের ব্যাট থেকে আসে শতরান। শুভমান গিল করেন ১০৩, রবীন্দ্র জাদেজা ১০৭ এবং ওয়াশিংটন সুন্দর ১০১। মাত্র দশ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন কেএল রাহুল। তিনি আউট হন ৯০ রান করে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে। এমন পরিস্থিতিতে দেখার বিষয় যে অন্তিম ম্যাচটি জিততে পারে কিনা ভারত।(Sachin Tendulkar)






