আজকের দিনে

রাম নবমীতে লক্ষ্মীর কৃপা, জানুন শুক্রবারের রাশিফল ও গ্রহের অবস্থান

আজ বিশেষ কিছু রাশির ভাগ্যোদয় হতে চলেছে

Truth Of Bengal: আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬। আজ চৈত্র শুক্লা নবমী তিথি তথা পবিত্র রাম নবমী। ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষ শাস্ত্রের এক মাহেন্দ্রক্ষণ আজ। সকাল ১০টা ৬ মিনিটের পর দশমী তিথির সূচনা হবে। আজকের আকাশজুড়ে থাকবে পুনর্বসু ও পুষ্য নক্ষত্রের প্রভাব। অতিগণ্ড ও সুকর্ম যোগের সংমিশ্রণে দিনটি আধ্যাত্মিক ও জাগতিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। চন্দ্র আজ মিথুন রাশি ত্যাগ করে তার স্বরাশি কর্কটে প্রবেশ করবে। মা লক্ষ্মী ও শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আজ বিশেষ কিছু রাশির ভাগ্যোদয় হতে চলেছে, আবার গ্রহের ফেরে কাউকে হতে হবে সাবধান।

মেষ রাশি

আজ মেষ রাশির জাতকদের জন্য ব্যয়ের পাল্লা ভারী থাকতে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। বন্ধুদের সহযোগিতা পেলেও অংশীদারের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা রয়েছে। স্নায়বিক দুর্বলতা বা এ জাতীয় শারীরিক সমস্যায় ভোগান্তি হতে পারে।

বৃষ রাশি

নিকটাত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অর্থ সঞ্চয়ের নতুন পথ প্রশস্ত হতে পারে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আজ কিছুটা বাধার সম্মুখীন হতে হতে পারে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সতর্ক থাকুন। কর্মোপলক্ষে ভ্রমণের যোগ প্রবল।

মিথুন রাশি

পারিবারিক দীর্ঘদিনের জটিলতা আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় বড় কোনো সুযোগ আসতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগাযোগ হতে পারে শুভ। সম্পত্তিতে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে, তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো।

কর্কট রাশি

আজ ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না। আইনি জটিলতা ব্যবসায়িক কাজে বাধা সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে সংক্রামক ব্যাধি নিয়ে সতর্ক থাকুন। কর্মপ্রার্থীদের জন্য নতুন চাকরির খবর আসতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য আজ নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। পরিকল্পিত পদক্ষেপে সাফল্য নিশ্চিত। পৈত্রিক সম্পত্তি থেকে আকস্মিক অর্থলাভের যোগ রয়েছে। গলার সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

কন্যা রাশি

সামাজিক কাজে আজ আপনার মান-যশ বৃদ্ধি পাবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। সন্তানের স্বাস্থ্য নিয়ে মনে কিছুটা উদ্বেগ থাকতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে শত্রুতা বাড়তে পারে, তাই নিজের পরিকল্পনা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

তুলা রাশি

আত্মীয়দের সহযোগিতায় আজ পারিবারিক কোনো বড় সংকটের সমাধান হবে। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা সফল হতে পারে। গৃহ ঋণের ক্ষেত্রে ইতিবাচক সংকেত মিলবে। পুরোনো শারীরিক ব্যাধি থেকে মুক্তির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তাদের প্রশংসা ও সহযোগিতা পাবেন।

বৃশ্চিক রাশি

আজ স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি। খাবার ও পানীয়ের ব্যবসায় যুক্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্য পাবেন। গবেষণামূলক কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় লগ্নির জন্য দিনটি শুভ হলেও দাম্পত্য জীবনে সামান্য অশান্তি দেখা দিতে পারে।

ধনু রাশি

ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো অংশীদারের সঙ্গে যোগাযোগ হতে পারে। স্থাবর সম্পত্তি নিয়ে বিবাদের অবসান হবে। তবে অতিবিশ্বাসে বন্ধুর হাতে প্রতারিত হওয়ার ভয় আছে। বয়স্কদের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। আইটি সেক্টরে কর্মরতদের উন্নতির সুযোগ আসবে।

মকর রাশি

আত্মীয় ও বন্ধুদের বিরূপ আচরণ আজ আপনাকে মানসিক চাপে রাখতে পারে। তবে কোনো বড় সংস্থায় কাজের সুযোগ আসায় পেশাগত দিক থেকে নিশ্চিন্ত হতে পারেন। শৌখিন জিনিসের ব্যবসায় মুনাফা বাড়বে। অবিবাহিতদের জন্য শুভ বিবাহের সম্বন্ধ আসতে পারে।

কুম্ভ রাশি

আধ্যাত্মিক চিন্তায় মনে শান্তি আসবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ পরিণতির দিকে এগোতে পারে। তবে আজ শিক্ষার্থীদের একাগ্রতার অভাব দেখা দিতে পারে। পুরোনো কোনো রোগ নতুন করে ভোগাতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে।

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য আজ জয় সুনিশ্চিত। প্রতিপক্ষ আপনার সামনে নতিস্বীকার করবে। প্রকাশনা ও সম্পাদনা কার্যে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভ হবে। গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারেন। তবে বিষাক্ত কীটপতঙ্গ থেকে সতর্ক থাকা এবং কাজের চাপে শরীর খারাপ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles