
The Truth Of Bengal: এখনও ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ প্রভাবমুক্ত হতে পারেনি বাংলা। বুধবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ আছে মেঘলা। কোঠাও কোথাও হাল্কা বৃষ্টি হয়। অসময়ে বৃষ্টির কারণে উধাও শীতের আমেজ। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। শনিবার থেকে পারদ নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর শুরু হবে শীতের ইনিংস।
ঘূর্ণিঝড় মিগজাউম এই মুহূর্তে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর-পূর্ব তেলেঙ্গানা, ওড়িশা এবং দক্ষিণ ছত্রিশগড়ের ওপরে রয়েছে। আরও শক্তি হারিয়ে একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের রাজ্যে খুব একটা বেশি পড়েনি। তবে অল্প প্রভাবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং ছিটে ফোটে বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে। রবিবার থেকে পরে কলকাতা তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা আছে।
যতক্ষণ মেঘলা আকাশ থাকবে ততক্ষণ রাতের তাপমাত্রা কমবে না। শুক্রবারের পর থেকে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করবে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতা জেলায়। মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই বাংলা উপকূলে।
আলিপুর আবহাওয়া জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। তবে বিক্ষিপ্তভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।
Free Access






