Tree Plantation: দুষণ কমাতে সবুজই ভরসা! শহরজুড়ে লাগানো হবে ১ কোটি গাছ
Tree Plantation project in Kolkata

The Truth of Bengal: এওয়ান সিটি কলকাতা(Kolkata)। এই শহরকে সবেতেই এগিয়ে নিয়ে যেতে বহুমুখী ভাবনা নিয়েছে পুরপ্রশাসন। দূষণের(Pollution) হাত থেকে শহরবাসীকে বাঁচাতে লাগানো হচ্ছে গাছ। নিত্যনতুন কায়দায় সবুজায়নের পরিকল্পনা করছে পুরসভা। ঠিক হয়েছে, শহরের উড়ালপুলগুলির তলায় সবুজের গালিচা তৈরি করা হবে। তার জন্য ইতিমধ্যে একটি রোডম্যাপ তৈরি হয়েছে। মূল লক্ষ্য, কংক্রিটের জঙ্গলের মাঝেই দৃষ্টিনন্দন সবুজের সমাবেশ বাড়ানো। ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে রবীন্দ্রসদন-নন্দনের সামনে থেকে বেকবাগান পর্যন্ত এজেসি বোস রোড উড়ালপুলের তলায় ‘গ্রিন বাফার জোন’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
আগামীদিনে কলকাতায় ১ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে পুরসভা। মূলত, ৩০কিমি পথে সবুজায়ন করতে চাইছে প্রশাসন। উড়ালপুলের নীচের অংশকে দৃষ্টিনন্দন উপায়ে সাজানো হচ্ছে। গ্রিন মিশনের কাজে স্বচ্ছতা রাখতে শ্বেতপত্র প্রকাশ করলেন মেয়র। জানা গিয়েছে, বৃক্ষরোপনের মূল উদ্দেশ্য গাছের সংখ্যা বাড়ানো। ৬মাসে গাছের সংখ্যা দারুণভাবে বেড়েছে। এরপর আরও গাছের সমারোহ বাড়িয়ে দূষণ কমানোর মহতি চিন্তাভাবনার কথাও পুরকর্তারা তুলে ধরছেন। লক্ষ্য একটাই জিরো পলিউশন নীতি কার্যকর করা।
তবে শুধুমাত্র গাছ লাগালেই হবে না। নিয়মিত তার রক্ষণাবেক্ষণও প্রয়োজন। পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রকল্পের আওতায় বৃক্ষরোপণের পর নিয়মিত পরিচর্যায় শুরু থেকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যেভাবে শহরের বিভিন্ন মিডিয়ান স্ট্রিপে লাগানো গাছের পরিচর্যার দায়িত্ব একাধিক সংস্থাকে দেওয়া হয়েছে, সেভাবেই উড়ালপুলের তলার ‘বাফার জোন’ দেখভালের জন্য সংস্থা নিয়োগ করা যেতে পারে।






