কলকাতা

হাই কোর্টে মামলার পাহাড়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিচারাধীন ৩২টি মামলা

কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ৪টি মামলা জানাল পুলিশ

Truth Of Bengal: কলকাতা হাইকোর্টে রাজ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া রিপোর্টে জানা গেছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্তমানে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর— এই দুই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে নিজের বিরুদ্ধে থাকা মামলার সঠিক সংখ্যা ও বিস্তারিত তথ্য জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে পুলিশ এই তথ্য আদালতে পেশ করে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, কলকাতা পুলিশের এক্তিভুক্ত এলাকায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৭টি ফৌজদারি মামলা রয়েছে। অন্যদিকে, রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের অধীনে আরও ২৫টি মামলা বিচারাধীন। সব মিলিয়ে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ। এই তথ্য জমা পড়ার পরেই বিচারপতি ভট্টাচার্য মামলাটির নিষ্পত্তি করে দেন।

একইভাবে নিজের বিরুদ্ধে থাকা মামলার তালিকা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কাছে কৌস্তভের বিরুদ্ধে ৪টি ফৌজদারি মামলা রয়েছে। তবে রাজ্য পুলিশের অধীনে কতগুলি মামলা রয়েছে, সেই সংক্রান্ত তথ্য দিতে সরকারি আইনজীবী আরও কিছুটা সময় চেয়েছেন। আদালত আগামী ৩১ মার্চের মধ্যে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে থাকা সমস্ত মামলার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

নির্বাচনের মুখে প্রার্থীদের হলফনামা জমা দেওয়ার ক্ষেত্রে এই আইনি তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট প্রার্থীর ক্ষেত্রে এই বিপুল সংখ্যক মামলার তথ্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles