বিধানসভায় SIR নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ! “আগে বলেননি কেন?” স্পিকারের সিদ্ধান্তে মেজাজ হারালেন শুভেন্দু
এই সিদ্ধান্তের পরেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Truth of Bengal: বিধানসভায় এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার শাসক-বিরোধী তরজায় উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। অধিবেশন শুরুর আগে থেকেই এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদ চড়ছিল, তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে।
এদিন অধিবেশন শুরু হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু স্পিকার সেই প্রস্তাবে সম্মতি দেননি। তিনি সাফ জানিয়ে দেন, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই সংসদীয় রীতি মেনে বিচারাধীন কোনো বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা করা সম্ভব নয়। স্পিকার আরও স্পষ্ট করেন যে, এদিনের অধিবেশনে শুধুমাত্র রাজ্যপালের ভাষণ নিয়েই আলোচনা সীমাবদ্ধ থাকবে।
স্পিকারের এই সিদ্ধান্তের পরেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিজনেস অ্যাডভাইজরি কমিটির রেজোলিউশন সকালে একরকম জানানো হয়েছিল, কিন্তু পরে আচমকা তা বদলে দেওয়া হলো কেন? শুভেন্দুর দাবি, এসআইআর নিয়ে আলোচনার কথা ছিল বলেই বিরোধী পক্ষ পূর্ণ প্রস্তুতি নিয়ে অধিবেশনে এসেছিল। শেষ মুহূর্তে আলোচনার পথ বন্ধ করে দেওয়ায় তিনি উষ্মাপ্রকাশ করেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, বিরোধীদের আলোচনার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আলোচনার তালিকায় বিষয়টি রাখা সত্ত্বেও কেন আগে থেকে তা বাতিল করার কথা জানানো হলো না। এই টানাপোড়েনের জেরে বিধানসভার কাজ সাময়িকভাবে ব্যাহত হয় এবং শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়।





