কলকাতা

Migrant Rights: কেন্দ্রকে বিরাট ধাক্কা কলকাতা হাইকোর্টের! অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত খারিজ

কেন্দ্রীয় সরকার এই নির্দেশ কার্যকর করার জন্য ছয় সপ্তাহের স্বল্প সময়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলেও, হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে।

Truth of Bengal: পরিযায়ী শ্রমিকদের অধিকার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্রীয় সরকারকে বড়সড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ তাঁর পরিবারের সকলকে বাংলাদেশে ফেরত পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের রায়ে কেন্দ্রীয় সরকারের বিতাড়নের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। আদালতের নির্দেশ, সোনালি বিবি এবং বীরভূমের পাইকরের বাসিন্দা তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশি সন্দেহে বীরভূমের পাইকরের এই পরিবারকে বিতাড়নের সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্পষ্ট জানিয়েছে হাইকোর্ট (Migrant Rights)।

কেন্দ্রীয় সরকার এই নির্দেশ কার্যকর করার জন্য ছয় সপ্তাহের স্বল্প সময়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলেও, হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। জানা গেছে, এই মামলাটি ভিনরাজ্যে কাজের সূত্রে যাওয়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ নিয়ে দায়ের করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ শুরু হয়েছে। অভিযোগ ওঠে যে, এই ধরপাকড়ের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের বহু পরিযায়ী শ্রমিক, যাঁদের অনেকেই বাংলা ভাষায় কথা বলার কারণে সন্দেহের বশে আটক হচ্ছেন। যদিও এদের মধ্যে সন্দেহভাজন কিছু বাংলাদেশিও ধরা পড়েছেন (Migrant Rights)।

এই অতিসক্রিয়তা এবং বাংলাভাষী শ্রমিকদের আটক করার বিষয়টি নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই কেন্দ্রীয় সরকারের বিতাড়নের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে হাইকোর্ট এই গুরুত্বপূর্ণ রায় দিল (Migrant Rights)।

Related Articles