আইনি কাঁটা পেরিয়ে রাজ্যসভায় রাহুল সিনহা! বাবুলের সঙ্গে সৌজন্যের ছবি নজর কাড়ল সবার
এই জয়ের আবহে রাজনৈতিক তিক্ততা ছাপিয়ে ধরা পড়ল এক বিরল সৌজন্যের ছবি
Truth of Bengal: রাজ্যসভার লড়াইয়ে শেষ হাসি হাসলেন যুযুধান দুই শিবিরের প্রার্থীরাই। মনোনয়ন নিয়ে টানাপড়েন আর আইনি গেরো কাটিয়ে অবশেষে বাংলা থেকে উচ্চকক্ষে যাওয়ার ছাড়পত্র পেলেন বিজেপির রাহুল সিনহা। সোমবার বিধানসভা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সার্টিফিকেট হাতে পেলেন তৃণমূল ও বিজেপি— উভয় পক্ষের প্রার্থীরাই। তবে এই জয়ের আবহে রাজনৈতিক তিক্ততা ছাপিয়ে ধরা পড়ল এক বিরল সৌজন্যের ছবি।
বিজেপির আদি নেতা হিসেবে পরিচিত রাহুল সিনহার (বিশ্বজিৎ সিনহা) মনোনয়ন ঘিরে গত কয়েকদিন ধরে কম নাটক হয়নি। তৃণমূলের অভিযোগ ছিল, নিজের মনোনয়ন পত্রে পূর্বসূরির বয়ান হুবহু নকল করতে গিয়ে বিস্তর ভুলভ্রান্তি করে ফেলেছেন তিনি। নথিতে অসঙ্গতির প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল শাসকদল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিনা যুদ্ধে জয় নিশ্চিত থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত নথিপত্র নিয়ে দৌড়ঝাঁপ করতে হয় রাহুলবাবুকে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সংশ্লিষ্ট আধিকারিক তাঁর হাতে জয়ের শংসাপত্র তুলে দেন।
— TOB DIGITAL (@DigitalTob) March 9, 2026
বিধানসভার করিডরে যখন সার্টিফিকেট হাতে বেরোচ্ছেন রাহুল সিনহা, ঠিক তখনই দেখা হয় তৃণমূলের নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে। রাজনৈতিক ময়দানে একে অপরের কট্টর বিরোধী হলেও, এদিন বাবুলকে দেখা গেল এগিয়ে এসে রাহুলের হাত ধরে অভিনন্দন জানাতে। রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই শিবিরের এই ব্যক্তিগত সৌজন্যের দৃশ্য নজর কেড়েছে উপস্থিত সকলের।
এদিন তৃণমূলের তরফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সার্টিফিকেট গ্রহণ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার এবং মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজে। তবে বিশেষ কারণে দিল্লিতে থাকায় আইনজীবী মানেকা গুরুস্বামীর হয়ে সার্টিফিকেট গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উল্লেখ্য, আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোট হওয়ার কথা ছিল। কিন্তু পাঁচটি শূন্য আসনের বিপরীতে পাঁচটি মনোনয়ন জমা পড়ায় ভোটাভুটির প্রয়োজন পড়েনি।






