Kolkata STF: বর্ষবরণের আগেই নাশকতার ছক? খাস কলকাতায় উদ্ধার পিস্তল ও কার্তুজ
ধৃতদের কাছ থেকে একাধিক ওয়ান শটার, ৭ এমএম পিস্তল এবং ইম্প্রোভাইজড ফায়ার আর্মস উদ্ধার হয়েছে।
Truth of Bengal: বর্ষবরণের উৎসবের প্রাক্কালে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মঙ্গলবার দুপুরে শহরের ব্যস্ততম এলাকা স্ট্র্যান্ড রোড থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছেন গোয়েন্দারা। এই ঘটনায় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক ওয়ান শটার, ৭ এমএম পিস্তল এবং ইম্প্রোভাইজড ফায়ার আর্মস উদ্ধার হয়েছে। এছাড়া তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২০ থেকে ২২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্ট্র্যান্ড রোডে নজরদারি চালাচ্ছিলেন এসটিএফ-এর আধিকারিকরা। সেই সময় সন্দেহভাজন দুই যুবককে বড় ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তাঁদের হাতের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে মজুত করে রাখা আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই দুই যুবককে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়। ধৃতদের মঙ্গলবারই আদালতে পেশ করার কথা রয়েছে। শহরের বুকে এভাবে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া এই অস্ত্রগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কাদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিশেষ করে উৎসবের মরসুমের ঠিক আগে এই অস্ত্র মজুত করার পেছনে কোনও বড় ধরনের নাশকতার ছক ছিল কি না, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
সাম্প্রতিক সময়ে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় গুলি চালানোর ঘটনা বারবার শিরোনামে এসেছে। মাত্র এক মাস আগেই কসবার বোসপুকুর এলাকায় গুলি চলার ঘটনায় এক তরুণ আহত হন। তার কিছু দিন আগেই কসবাতেই কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে ভরসন্ধ্যায় খুনের চেষ্টা করা হয়েছিল। এছাড়া মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতেও প্রায়ই আগ্নেয়াস্ত্র উদ্ধার ও গুলি চালানোর ঘটনা ঘটছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় খাস কলকাতার প্রাণকেন্দ্র থেকে এভাবে অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।






