কলকাতা

Dilip Ghosh: দিলীপ-জায়াকে নিয়ে কুরুচিকর মন্তব্য! আইনের দ্বারস্থ রিঙ্কু

অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে।

Truth of Bengal: বিজেপি নেতা দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জেরে এবার আইনি পদক্ষেপ নিলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হলেও, এবার বিষয়টি শালীনতার মাত্রা ছাড়ানোয় বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিলে নিউটাউনের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ। শোনা যায়, রিঙ্কুর পক্ষ থেকেই বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা একসময় নাকচ করতে পারেননি এই বর্ষীয়ান নেতা। বিয়ের পর এই দম্পতি আন্দামানে ভ্রমণে গেলে সেই ছবি ঘিরেও নেটদুনিয়ায় চর্চা কম হয়নি। তবে সাম্প্রতিক সময়ে অনন্যা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল চক্রবর্তী নামে দুটি প্রোফাইল থেকে দিলীপ ঘোষের দাম্পত্য জীবন নিয়ে ক্রমাগত কুরুচিকর ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ রিঙ্কু দেবীর। দীর্ঘদিন ধরে চলে আসা এই ট্রোলিং বা কটাক্ষের বিষয়ে দিলীপ ঘোষ বরাবরই নিজের অবস্থানে অনড় থেকেছেন। তিনি বরাবরই নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন এবং এসব সমালোচনাকে খুব একটা গুরুত্ব দেননি। তবে পরিবারের সম্মানহানির চেষ্টা হওয়ায় এবার কড়া মনোভাব দেখিয়েছেন দিলীপ-পত্নী। এই আইনি পদক্ষেপ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, কারো সাথে অন্যায় হলে পুলিশের কাছে সাহায্য চাওয়াটাই স্বাভাবিক নিয়ম।

উল্লেখ্য, বিয়ের পর দিলীপ ঘোষ রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে উঠেছিলেন এবং স্ত্রীকে পাশে নিয়েই নতুনভাবে কাজ করার শপথ নিয়েছিলেন। কিন্তু তাঁর এই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে ঘিরে যেভাবে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ চালানো হচ্ছে, তাতে ক্ষুব্ধ তাঁর ঘনিষ্ঠ মহল। পুলিশ এখন খতিয়ে দেখছে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই পোস্টগুলো করা হচ্ছিল।

Related Articles