কলকাতায় ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কোটি টাকার প্রতারণা! মাইসোর থেকে গ্রেফতার দুই
তাঁর নামে মানবপাচার সংক্রান্ত মামলা হয়েছে। এরপর তাঁকে গ্রেফতারের ভয় দেখানো হয়।
Truth Of Bengal: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এক কোটি টাকার বেশি প্রতারণা। রাজারহাটের এক বাসিন্দার সঙ্গে এমনই ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাইসোর থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি অক্টোবর মাসে সামনে আসে।
রাজারহাটের এসআরসিএম রোডের একটি আবাসনের বাসিন্দা সুনীত কুমার রায় অভিযোগ এটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর কয়েকজন প্রতারক পরিচয় দফতর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পরিচয় দিয়ে অভিযোগকারীকে বলে তিনি নাকি হয়রানিমূলক বার্তা পাঠিয়েছেন। তাঁর নামে মানবপাচার সংক্রান্ত মামলা হয়েছে। এরপর তাঁকে গ্রেফতারের ভয় দেখানো হয়।
অভিযোগকারীর দাবি, এই ভয় দেখিয়ে প্রতারকরা ৯ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ১ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা স্থানান্তর করিয়ে নেয়।
ঘটনার ভিত্তিতে নারায়ণপুর থানায় বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু হয়। তদন্তে নামেন এসআই রাজা সাহা। পরে তথ্যের ভিত্তিতে কর্ণাটকের মাইসোরে অভিযান চালিয়ে দুই অভিযুক্ত নবীন আর (৩৫) ও ইন্দ্রধনুষ জে (৩৩)-কে গ্রেফতার করা হয়।
দু’জনকে স্থানীয় আদালতে পেশ করা হলে আদালত ৫ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। এরপর তাদের ব্যারাকপুর আদালতে আনা হয়েছে এবং পুলিশ ১০ দিনের হেফাজত চেয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো প্রতারণা চক্রটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।






