কলকাতা

বাংলার নতুন সাংবিধানিক প্রধান আর. এন. রবি! মমতা-বিমানের উপস্থিতিতে লোকভবনে রাজকীয় শপথ

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য কর্মকর্তা এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

Truth Of Bengal: বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন IPS কর্মকর্তা রবীন্দ্র নারায়ণ রবি (আরএন রবি)। বৃহস্পতিবার কলকাতার লোকভবনে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য কর্মকর্তা এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

শপথগ্রহণের পরে রাজ্যপাল আরএন রবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং একে অপরকে নমস্কার জানান। আরএন রবি ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের IPS কর্মকর্তা। তিনি CBI এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সাল থেকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বে ছিলেন।

তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন তিনি মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন। রাজ্য সরকারের বিল আটকে রাখার অভিযোগ নিয়ে স্ট্যালিন সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন এবং রাষ্ট্রপতির কাছে রবিকে বরখাস্ত করার আবেদনও করেছিলেন। এবার ভোটমুখী বাংলায় রাজ্যপালের দায়িত্ব সামলাবেন আরএন রবি।