ইজরায়েলে মোদি-ম্যাজিক! ভারতীয় পোশাকে চমক নেতানিয়াহুর
সফরের অন্যতম ঐতিহাসিক মুহূর্তটি তৈরি হয় ইজরায়েলি সংসদ ‘কেনেসেট’-এ, যেখানে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন নরেন্দ্র মোদি।
Truth Of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইজরায়েল সফর ভারত ও ইজরায়েলের কূটনৈতিক সম্পর্কে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই সফরের প্রতিটি পদক্ষেপে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘ভারতপ্রেম’ এবং আতিথেয়তা বিশেষভাবে নজর কেড়েছে। বুধবার গভীর রাতে নেতানিয়াহুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে, যেখানে তাঁকে ভারতীয় ঐতিহ্যের পোশাক (হাফ হাতা জহর কোট) পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। হাসিমুখে বন্ধু মোদির সঙ্গে করমর্দন করার সেই ভিডিওর ক্যাপশনটি নেতানিয়াহু লিখেছিলেন হিন্দিতে। তিনি জানান, নৈশভোজের আগে বন্ধু মোদিকে চমকে দিতেই তিনি এই ভারতীয় পোশাক বেছে নিয়েছিলেন।
हमारे संयुक्त रात्रिभोज से पहले, मैंने अपने मित्र प्रधानमंत्री मोदी को पारंपरिक भारतीय परिधान पहनकर चौंका दिया। 🇮🇱🇮🇳@narendramodi pic.twitter.com/3ElIQeLY97
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) February 25, 2026
সফরের অন্যতম ঐতিহাসিক মুহূর্তটি তৈরি হয় ইজরায়েলি সংসদ ‘কেনেসেট’-এ, যেখানে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন নরেন্দ্র মোদি। তাঁর বক্তৃতায় ভারত-ইজরায়েল কৌশলগত সম্পর্কের গভীরতা ফুটে ওঠার পাশাপাশি গাজায় শান্তি ফেরানোর আবেদনও ধ্বনিত হয়। গাজা পরিস্থিতি নিয়ে ইজরায়েলের রণংদেহি মনোভাবের প্রেক্ষাপটে মোদি স্পষ্ট জানান, আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব। পাশাপাশি, নাম না করে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি ঘোষণা করেন যে, জঙ্গি কার্যকলাপের সপক্ষে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। হামাস হামলার তীব্র নিন্দা জানিয়েও গাজায় শান্তি ফেরানোর বিষয়ে ভারতের আগ্রহের কথা তিনি বিশ্বমঞ্চে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মোদির এই সফর কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাঁকে ভূষিত করা হয়েছে বিশেষ সম্মানে। ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে কেনেসেটের সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’-এ ভূষিত করা হয়। কেনেসেটের স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে মোদি কেনেসেটের মঞ্চে ভারতীয় অর্থনীতির অগ্রগতির খতিয়ানও তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পের শান্তি বৈঠকের পর্যবেক্ষক হিসেবে ভারতের ভূমিকা এবং ইজরায়েলে মোদির এই সফর— সব মিলিয়ে দুই দেশের বন্ধুত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।






