১৮ দিন পর লোকের মাঝে ওলি, যোগ দিলেন দলের যুব সংগঠনের অনুষ্ঠানে
শনিবার তাঁকে দেখা গেল ভক্তপুরে তাঁর দল 'সিপিএন-ইউএমএল'এর যুব সংগঠনের এক অনুষ্ঠানে।
Truth Of Bengal: ‘জেন জি’র প্রতিবাদের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি সেনার হেলিকপ্টারে উঠে পালিয়েছিলেন কেপি শর্মা ওলি। দীর্ঘদিন পর তিনি ফের এলেন জনসম্মুখে। শনিবার তাঁকে দেখা গেল ভক্তপুরে তাঁর দল ‘সিপিএন-ইউএমএল’এর যুব সংগঠনের এক অনুষ্ঠানে। সেখান থেকেই যুবসমাজের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ভাষণ দেন এবং সকলের উদ্দেশ্যে তিনি একাধিক বার্তা দেন।(Nepal)
‘জেন জি’র বিক্ষোভ রুখতে পুলিশ নাকি গুলি চালিয়েছিল। এমন অভিযোগ তোলা হয়েছিল তাদের বিরুদ্ধে। শনিবার সেই প্রসঙ্গে নিজের অবস্থান জানান নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি পরিষ্কার করে দেন যে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়নি গুলি চালানোর। ওলি বলেন, “গুলি চালানোর নির্দেশ দেয়নি সরকার। তদন্ত করে দেখতে হবে স্বয়ংক্রিয় অস্ত্র কারা ব্যবহার করল।” এর সঙ্গে তিনি এটাও জানান যে ওই ধরনের অস্ত্র ছিল না পুলিশের কাছে।(Nepal)
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর পর উগ্র বিক্ষোভের পথে হাঁটে নেপালের যুবসমাজ। চাপে পড়ে তা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেন কেপি শর্মা ওলি। সেনার হেলিকপ্টারে তাঁকে উঠতে দেখা গিয়েছিল এরপর। অবশেষে ১৮ দিন পর তিনি লোকের মাঝে আসেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে এই ১৮ দিন তিনি কোথায় ছিলেন। জানা গিয়েছে, তিনি কার্যত গা ঢাকা দিয়েছিলেন সেনার সদর দপ্তরে এবং পরিস্থিতি থিতিয়ে যাওয়ার পর তিনি সদর ছাড়েন। এরপর তিনি কোথায় গিয়েছিলেন, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। শুধু তাই নয়, ১৮ দিন পরই বা কেন তিনি সকলের মাঝে এসে উপস্থিত হলেন, তা নিয়েও ধোঁয়াশা আছে।(Nepal)






