দেশ

বিদেশি নয়, এবার ভরসা স্বদেশি প্রযুক্তিতে

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেকেই খুঁজছেন আন্তর্জাতিক প্রযুক্তি জায়ান্টগুলির বিকল্প স্বদেশি প্ল্যাটফর্ম।

Truth Of Bengal: প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঘরোয়া ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যবহারে উৎসাহী হতে। ‘স্বদেশি টেক’-এর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারতীয় উদ্ভাবনকে সমর্থন করা আমাদের ডিজিটাল ইকোসিস্টেমকে শক্তিশালী করবে এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে ভারী আমদানি শুল্ক আরোপ করেছেন এবং H1-B ভিসার ফি বাড়িয়ে $1,00,000 করেছেন।(Swadeshi Tech)

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেকেই খুঁজছেন আন্তর্জাতিক প্রযুক্তি জায়ান্টগুলির বিকল্প স্বদেশি প্ল্যাটফর্ম। নীচে কিছু জনপ্রিয় আন্তর্জাতিক অ্যাপ ও সফটওয়্যারের ভারতীয় বিকল্প তুলে ধরা হল:

১. হোয়াটসঅ্যাপ – অরাট্টাই
Zoho Corporation-এর তৈরি অরাট্টাই একটি সুরক্ষিত মেসেজিং অ্যাপ, যা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে তৈরি হয়েছে। এটি এনড-টু-এন্ড এনক্রিপশন, গ্রুপ চ্যাট এবং মাল্টিমিডিয়া শেয়ারিংয়ের সুবিধা দেয়। ডেটা সুরক্ষা এবং স্থানীয় সার্ভার ব্যবহার করে এই অ্যাপ আত্মনির্ভর ভারতের ভাবনাকে সমর্থন করে। তবে এটি হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয়তা পাবে কিনা, তা সময়ই বলবে।(Swadeshi Tech)

২. গুগল ম্যাপস – ম্যাপলস (Mappls)
MapmyIndia-এর তৈরি ম্যাপলস একটি দেশীয় ন্যাভিগেশন অ্যাপ। এটি ভারতের শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তারিত মানচিত্র, রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেট এবং লোকেশন-ভিত্তিক পরিষেবা প্রদান করে।

৩. মাইক্রোসফট ওয়ার্ড / গুগল ডকস – জোহো রাইটার (Zoho Writer)
Zoho-এর আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট Zoho Writer, একটি শক্তিশালী ওয়ার্ড প্রসেসিং টুল। এটি ক্লাউড-ভিত্তিক হওয়ায় ব্যবহারকারীরা একসঙ্গে কাজ করতে পারেন, আছে অ্যাডভান্স ফরম্যাটিংয়ের সুবিধা ও অন্যান্য Zoho অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেশন।

৪. মাইক্রোসফট এক্সেল – জোহো শিট (Zoho Sheet)
Zoho Sheet হল মাইক্রোসফট এক্সেলের ভারতীয় বিকল্প। এতে আছে স্মার্ট ডেটা অ্যানালাইসিস, চার্টিং টুল, এবং রিয়েল-টাইম কোলাবোরেশন ফিচার। (Swadeshi Tech)

৫. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট – জোহো শো (Zoho Show)
প্রেজেন্টেশনের জন্য Zoho Show একটি কার্যকরী বিকল্প। ব্যবহারকারী এখানে সহজেই সুন্দর স্লাইড তৈরি করতে পারেন এবং দলগতভাবে কাজ করতে পারেন। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি একটি মন্ত্রিসভার ব্রিফিংয়ে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের পরিবর্তে Zoho Show ব্যবহার করেন।

৬. জিমেইল – জোহো মেইল (Zoho Mail)
Zoho Mail একটি সহজ, কার্যকর ও নিরাপদ ইমেল পরিষেবা, যা ব্যক্তিগত ও পেশাগত ব্যবহারকারীদের জন্য উপযোগী। এতে রয়েছে উন্নত ইমেল ম্যানেজমেন্ট টুল এবং অন্যান্য Zoho অ্যাপের সঙ্গে সংযুক্তির সুবিধা। এর ডেটা ভারতের সার্ভারে সংরক্ষিত হওয়ায় গোপনীয়তা রক্ষা হয়।

৭. অ্যাডোবি সাইন – জোহো সাইন (Zoho Sign)
Zoho Sign হল অ্যাডোবি সাইনের ভারতীয় বিকল্প, যেখানে রয়েছে নিরাপদ ডিজিটাল সিগনেচার ও ডকুমেন্ট ভেরিফিকেশন ফিচার। এটি আইনগতভাবে স্বীকৃত ই-সাইন, ওয়ার্কফ্লো ইন্টিগ্রেশন এবং ভারতের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়।

৮. অ্যামাজন – ফ্লিপকার্ট (Flipkart)
ই-কমার্সে ফ্লিপকার্ট এখন এক বড় নাম, যা অ্যামাজনের দেশীয় বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইলেকট্রনিক্স থেকে ফ্যাশন—সবকিছুই পাওয়া যায় ফ্লিপকার্টে। এটি স্থানীয় বিক্রেতাদের সমর্থন করে এবং ভারতীয় গ্রাহকদের জন্য উপযোগী একটি অভিজ্ঞতা দেয়।

স্বদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলি শুধু প্রযুক্তিগত বিকল্প নয়, এগুলি আমাদের দেশের উদ্ভাবনী শক্তিকে সমর্থন করে এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার পথে বড় পদক্ষেপ।