দেশ

মহিলা ভোটব্যাঙ্ক টার্গেট ডিএমকে-র? ভোটের আগে এক লপ্তে ৫ হাজার টাকা দিয়ে বাজিমাত স্ট্যালিনের

এমকে স্ট্যালিনের শুক্রবার ভোটের মুখে তামিলনাড়ু-র মহিলাদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন

Truth of Bengal: ভোটের আগে বড়সড় আর্থিক ঘোষণা তামিলনাড়ুর শাসকদলের। এমকে স্ট্যালিনের শুক্রবার ভোটের মুখে তামিলনাড়ু-র মহিলাদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন। রাজ্য সরকারের ‘কালাইগনার মাগালির উরিমাই থগাই’ প্রকল্পের আওতায় ১.৩১ কোটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৫,০০০ টাকা করে জমা করা হয়েছে বলে জানান তিনি।

সরকারি ব্যাখ্যা অনুযায়ী, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল—এই তিন মাসের জন্য আগাম ৩,০০০ টাকা (প্রতিমাসে ১,০০০ টাকা করে) দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন খরচ সামলাতে অতিরিক্ত ২,০০০ টাকা বোনাস হিসেবে পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এটি শুধু আর্থিক অনুদান নয়, সমাজে নারীদের অবদানের স্বীকৃতি।স্ট্যালিন আরও ইঙ্গিত দেন, তাঁর ‘ড্রাভিডিয়ান মডেল ২.০’ বাস্তবায়িত হলে এবং ডিএমকে আবার ক্ষমতায় ফিরলে বর্তমান মাসিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটমুখী তামিলনাড়ুতে ডিএমকে-এর এই অর্থ বরাদ্দ মহিলা ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে চলেছে।

উল্লেখ্য, রাজ্যের ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে ১০ মে ২০২৬-এ। তার আগেই নির্বাচনের সম্ভাবনা থাকায় শাসকদল আশঙ্কা করছে, নির্বাচন কমিশনের আচরণবিধি জারি হলে নিয়মিত অর্থপ্রদান ব্যাহত হতে পারে। সেই কারণেই আগাম টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।রাজ্যের আর্থিক চাপের কথা অস্বীকার না করে মুখ্যমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে তাঁর সরকার কোন আপস করবে না।  ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রথমে ১.১৩ কোটি নারী মাসিক ভাতা পেতেন। পরে তা বাড়িয়ে ১.৩১ কোটিতে পৌঁছেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মহিলাদের এই অর্থ দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বানও জানিয়েছেন।তবে এই পদক্ষেপের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয়, । তাঁর অভিযোগ, সাধারণত মাসের ১৫ তারিখে ভাতা দেওয়া হলেও এবার ১৩ তারিখে অর্থ পাঠানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, ডিএমকে টিভিকেকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে।

Related Articles