দেশ

বিচারপতির ওপর আস্থা নেই কেজরিওয়ালের! আবগারি মামলা অন্য বেঞ্চে সরাতে প্রধান বিচারপতিকে চিঠি

ফেব্রুয়ারি ২৭ তারিখে কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে আবগারি দুর্নীতি মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়।

আস্থা নেই বিচারপতিতে, তাই মামলা স্থানান্তরের আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো সম্প্রতি আবগারি মামলার শুনানির পর দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে দাবি করেছেন, মামলার বিচারে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় হচ্ছে না। তার অভিযোগ, শুনানির সময় বিচারপতির মন্তব্য এবং পর্যবেক্ষণে এটি স্পষ্ট হয়েছে। নিরপেক্ষতার স্বার্থে মামলাটি অন্য কোনও বেঞ্চে স্থানান্তর করার অনুরোধ করেছেন তিনি।

ফেব্রুয়ারি ২৭ তারিখে কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে আবগারি দুর্নীতি মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়। নিম্ন আদালত জানিয়েছে, আবগারি নীতিতে কোনও অপরাধমূলক উদ্দেশ্য বা ষড়যন্ত্র প্রমাণিত হয়নি। এই মামলায় অভিযুক্ত সকলকে মুক্তি দেওয়া হয়, যদিও এর আগে কেজরিওয়াল ও সিসোদিয়াকে দীর্ঘদিন জেলজীবন কাটাতে হয়েছিল। মুক্তির পর কেজরিওয়াল বলেন, “অমিত শাহ এবং নরেন্দ্র মোদি স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন। কিন্তু এতদিন পরে সত্যের জয় হয়েছে।”

যদিও মামলা নিম্ন আদালতে শেষ হয়েছে, সিবিআই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছে। শুনানির সময় বিচারপতি স্বর্ণকান্ত শর্মা মন্তব্য করেছিলেন, কেজরিওয়াল ও সিসোদিয়ালের মুক্তির নেপথ্যে কিছু ফাঁক আছে, তাই বিষয়টি আবার খতিয়ে দেখা দরকার। এই মন্তব্যের পর কেজরিওয়াল মনে করেন, নিরপেক্ষতা বজায় হচ্ছে না এবং তাই মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরের আবেদন করেছেন।

Related Articles